বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের কালো ছায়া যেন কাটছেই না। এ মাসের শুরুতে তিনজনকে নিষিদ্ধ করার পর এবার একই অভিযোগে অভিযুক্ত হলেন আরও দুই কর্মকর্তা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের অভিযোগে আজ নতুন করে দুজনকে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোহাম্মদ আবদুল কাইয়ুম রাশেদ ও মোহাম্মদ আমিন খানকে নিষিদ্ধ করার কথা জানিয়েছে বিসিবি। দুজনই চট্টগ্রাম রয়্যালসের সাবেক কর্মকর্তা—রাশেদ ছিলেন ২০২৬ বিপিএলে ফ্র্যাঞ্চাইজিটির সাবেক স্বত্বাধিকারী, আর আমিন ছিলেন ২০২৫ আসরে দলটির টিম ম্যানেজার।
কাইয়ুম রাশেদের বিরুদ্ধে আনা হয়েছে চারটি ধারায় অভিযোগ। এর মধ্যে রয়েছে ম্যাচের ফল বা কোনো দিক অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা এবং দুর্নীতিমূলক কর্মকাণ্ডের প্রস্তাব বা যোগাযোগের তথ্য সময়মতো না জানানোর অভিযোগ। এ ছাড়া তদন্তে সহযোগিতা না করা এবং বিসিবির দুর্নীতিবিরোধী কর্মকর্তার কাছে নিজের মোবাইল ফোন জমা না দেওয়ার অভিযোগও তোলা হয়েছে তার বিরুদ্ধে। বিসিবির দাবি, ফোনের ফরেনসিক পরীক্ষা না হওয়ায় সম্ভাব্য গুরুত্বপূর্ণ যোগাযোগ ও তথ্য যাচাইয়ে বাধা সৃষ্টি হয়েছে।
অন্যদিকে মোহাম্মদ আমিন খানের বিরুদ্ধেও রয়েছে চারটি ধারার অভিযোগ। এর মধ্যে আছে ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিতে জড়াতে সরাসরি বা পরোক্ষভাবে উৎসাহিত বা সহায়তা করার অভিযোগ। তদন্তে অসহযোগিতা এবং তদন্ত-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ যোগাযোগ বা তথ্য গোপন কিংবা নষ্ট করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
আপাতত সাময়িকভাবে নিষিদ্ধ থাকছেন রাশেদ ও আমিন। দুর্নীতিবিরোধী বিধিমালার আওতায় চলমান শৃঙ্খলাজনিত প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযোগের নোটিশ পাওয়ার পর জবাব দেওয়ার জন্য তাদের ১৪ দিন সময় দেওয়া হয়েছে। এর আগে গত ১ সেপ্টেম্বর মুহাম্মদ মুখলেসুর রহমান শামীম, জাকির হোসেন ও রাকিবুল ইসলাম সানি—এই তিন কর্মকর্তাকেও সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল বিসিবি। তাদের মধ্যে শামীম ছিলেন বিসিবির সাবেক পরিচালক। সেই তিনজনকেও একইভাবে অভিযোগের জবাব দিতে ১৪ দিন সময় দেওয়া হয়েছিল।
বিপিএল ফিক্সিং কাণ্ডে আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬, ৪ঃ২৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
