দীর্ঘ এক যুগেরও বেশি বিরতির পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের তৈরি পোশাক শিল্পের ঐতিহ্যবাহী মেগা প্রদর্শনী ‘বাটেক্সপো ২০২৬’। আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই প্রদর্শনীর রজতজয়ন্তী সংস্করণ অনুষ্ঠিত হবে। এতে ১৮ই নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং ১৯ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার বিজিএমইএ সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি এই তথ্য জানান। একই সাথে বৈশ্বিক বাজারে দেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা বৃদ্ধি, নতুন বাজার সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ সংকট উত্তরণে একাধিক দাবি ও রোডম্যাপ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বাটেক্সপো’র মূল লক্ষ্য হলো তৈরি পোশাক খাতের আধুনিক রূপান্তর, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা, হাই-ভ্যালুড পণ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রযুক্তি বিশ্ববাসীর সামনে তুলে ধরা। গ্লোবাল অ্যাপারেল এক্সপো, সামিট, ফ্যাশন রানওয়ে ও এআই-ইনোভেশন হাব সমৃদ্ধ এই ইভেন্টের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বিশ্বখ্যাত পোশাক সোর্সিং প্রতিষ্ঠান ডিপিএস।
নতুন বাজার সম্প্রসারণ ও ‘বিজিএমইএ-জাপান ডেস্ক’
প্রচলিত বাজারের ওপর নির্ভরতা কমিয়ে ভ্যালু-অ্যাডেড পণ্য এবং নতুন বাজারে রপ্তানি বৃদ্ধির নানা উদ্যোগের কথা জানান বিজিএমইএ সভাপতি। জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের পর দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে ‘জাপান মার্কেট স্ট্র্যাটেজি কমিটি’ গঠন করা হয়েছে। পাশাপাশি আগামী ২৩শে সেপ্টেম্বর বিজিএমইএ ভবনে আনুষ্ঠানিকভাবে ‘বিজিএমইএ-জাপান ডেস্ক’ উদ্বোধন করবেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত।
এছাড়া এশীয় অঞ্চলে বাজার সম্প্রসারণের লক্ষ্যে আগামী ২৮-২৯ অক্টোবর হংকংয়ে এইচএসবিসি বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো, হংকং ২০২৬’ অনুষ্ঠিত হবে।
রপ্তানি পরিস্থিতি ও জ্বালানি সংকট
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৫.১২ শতাংশ। আগস্টে ১৩.১৪ শতাংশ বৃদ্ধির কারণে এই ইতিবাচক ধারা দেখা গেলেও বিগত তিন বছরের তুলনায় ব্যবসা খুব বেশি বাড়েনি, অথচ উৎপাদন খরচ বহুগুণ বেড়েছে বলে জানান বিজিএমইএ সভাপতি।
কারখানাগুলোতে গ্যাসের তীব্র সংকট প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে শিল্পে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে স্বস্তি ফিরেছে।
ব্যবসা সহজীকরণ ও নীতিগত সহযোগিতা
ব্যবসায়িক খরচ এবং লিড টাইম কমাতে কাস্টমস বন্ড, ব্যাংকিং ও রাজস্ব নীতিতে সংস্কার চেয়েছে বিজিএমইএ। সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি আশা প্রকাশ করেন, সরকারের নীতি সহায়তা এবং বাটেক্সপো ২০২৬ ও হংকং রোডশোর মতো আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের পোশাক খাত বিশ্ব দরবারে এক নতুন উচ্চতায় পৌঁছাবে। বক্তব্য শেষে ‘বাটেক্সপো ২০২৬’-এর অফিসিয়াল লোগো উন্মোচন করা হয়।
পোশাক শিল্পের মেগা প্রদর্শনী ‘বাটেক্সপো-২৬’ আগামী ১৮ই নভেম্বর
অর্থনৈতিক রিপোর্টার
অর্থ বাণিজ্য
২ ঘন্টা আগে
১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬, ১ঃ০৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
