২০২৭ সালের মার্চে নেপাল সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। ২৬, ২৮ ও ৩০শে মার্চ সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
কিছুদিন আগে বন্যায় নেপালের অনেক মানুষের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার ইচ্ছা পোষণ করে নেপাল।
এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির মধ্যকার একটি বৈঠকের মাধ্যমে এই সিরিজ নিয়ে আলোচনা শুরু হয়। রাষ্ট্রদূত ভাণ্ডারি গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শন করেন এবং বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রস্তাবিত সফর এবং দুই দেশের মধ্যে বৃহত্তর ক্রিকেটীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এর আগে বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছিলেন, নেপালের বিপক্ষে সিরিজ খেলতে ইতিবাচক বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এর সেটিই সত্যি হলো। প্রথমবারের মতো দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ মাঠে গড়াবে। নেপালের বিপক্ষে এ পর্যন্ত দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠে নেপালকে ৮ উইকেটে হারায় টাইগাররা। সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২১ রানে নেপালকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখে বাংলাদেশ।
