কলকাতার লেনিন, মার্কস ও হো চি মিনের রাস্তার নাম বদলের পরিকল্পনা

কলকাতার লেনিন, মার্কস ও হো চি মিনের রাস্তার নাম বদলের পরিকল্পনা

ফন্ট সাইজ:

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এবার রাস্তা, সেতু এবং জায়গার নাম পরিবর্তনের ব্যাপারে উদ্যোগী হয়েছে। ইতোমধ্যে রাজ্য সরকার এই নাম পরিবর্তনের জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে বহু পরিচিত নাম বদলের প্রস্তাব বিবেচনা করছে বলে জানা গেছে।
কমিটির বিবেচনার মধ্যে রয়েছে, কমিউনিস্ট নেতা ভ্লাদিমির লেনিন, কার্ল মার্কস এবং হো চি মিনের নামে নামকরণ করা কলকাতার তিনটি প্রধান সড়ক।

ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ নামে পরিচিত স্বামী প্রদীপ্তানন্দের নেতৃত্বে গঠিত কমিটি দুর্গাপূজার পরে তাদের প্রথম বৈঠক করবে বলে আশা করা হচ্ছে। সেখানে কলকাতার রাস্তাগুলির নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সোমবার উপদেষ্টা কমিটির একজন জ্যেষ্ঠ সদস্য জানিয়েছেন।
জানা গেছে, যে তিনটি রাস্তার নাম পরিবর্তনের জন্য বিবেচনাধীন রয়েছে সেগুলি হলো লেনিন সরণি, কার্ল মার্কস সরণি এবং হো চি মিন সরণি।

কমিটির সদস্য এবং প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় সংবাদ সংস্থাকে বলেছেন, এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি এবং অক্টোবরে দুর্গাপূজার পরে সুপারিশ করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা পৌরসভা।
রায় বলেন, এলাকার সঙ্গে সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে তিনি কার্ল মার্কস সরণির নাম পরিবর্তন করে বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত বা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের নামে রাখার পরামর্শ দিয়েছেন।

তিনি আরও প্রস্তাব করেছেন যে, আগে ধর্মতলা স্ট্রিট নামে পরিচিত লেনিন সরণির নাম পরিবর্তন করে গণিতবিদ এবং সাবেক ভারতীয় জন সংঘ সভাপতি দেবপ্রসাদ ঘোষের নামে রাখা হোক।
শহরের কেন্দ্রস্থলে এসপ্ল্যানেড ক্রসিং-এর লেনিন মূর্তি সরানো হবে কিনা জানতে চাইলে রায় বলেন, এ বিষয়ে কোনো প্রস্তাব থাকলে, আমি আশা করি কমিটি সেই অনুযায়ী চিন্তা করবে।
হো চি মিন সরণির জন্য আমেরিকার নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের নাম প্রস্তাব করেছেন বলে তথাগত রায় জানিয়েছেন।