ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকে ওএসডি করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেনকে আজ বুধবার থেকে পুলিশ সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, ডিএমপির সঙ্গে সংযুক্ত করা হলো।
এর আগে গত শুক্রবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলশানে মিছিল বের করেন। গত সোমবার ঢাকা মহানগর পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়টি আলোচনা উঠে। এর পরই গুলশান থানার ওসিকে ওএসডি করা হলো।
এদিকে ডিএমপি কমিশনার মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেছিলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। ছাত্রলীগ সংগঠন হিসাবেই নিষিদ্ধ। এসব নিষিদ্ধ সংগঠন বা দলের কোনো কার্যক্রম চলতে পারে না। ডিএমপির অপরাধ বিভাগের যে এলাকায় বা যে থানায় নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম বা ঝটিকা মিছিল হবে সেই অপরাধ বিভাগের ডিসি ও ওসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে বাহিনীর কেউ ছাড় পাবে না। গত সোমবার ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার এই কড়া নির্দেশনা দিয়েছেন।
