শচীনকে টপকে দীর্ঘতম ওয়ানডে ক্যারিয়ারের বিশ্বরেকর্ড টেইলরের

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে দীর্ঘতম ক্যারিয়ারের অনন্য রেকর্ড গড়লেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেইলর। হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামার মাধ্যমে তিনি ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে এই কীর্তি গড়লেন। টেইলরের ওয়ানডে ক্যারিয়ারের ব্যাপ্তি দাঁড়িয়েছে ২২ বছর চার মাস। শচীন টেন্ডুলকার ১৯৯০ থেকে ২০১২ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর তিন মাস ওয়ানডে ক্রিকেট খেলে এই রেকর্ডের অধিকারী ছিলেন। যদিও ১৮,৪২৬ রান এবং ৪৬৩ ম্যাচ খেলার রেকর্ড নিয়ে ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার ও সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় হিসেবে শচীনের শ্রেষ্ঠত্ব অপরিবর্তিত রয়েছে। ৪০ বছর বয়সী ব্রেন্ডন টেইলর ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। ধীরে ধীরে জিম্বাবুয়ে দলের অন্যতম কাণ্ডারি হয়ে ওঠেন এ উইকেটকিপার-ব্যাটার।

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। দুর্নীতিবিরোধী এবং মাদকবিরোধী কোড ভঙ্গের কারণে অবসরের পরেও তাকে তিন বছরের নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরবর্তীতে নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২৫ সালে তিনি আবারো মাঠে ফেরেন। ২০২৭ সালে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই মূলত তার এই প্রত্যাবর্তন।
হারারের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটি খেলার মাধ্যমে টেলর তার সুদীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের মুকুটে আরেকটি বিশেষ পালক যুক্ত করলেন। নানা প্রতিকূলতা ও বিরতির পরও দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে দেশের হয়ে শীর্ষ স্তরে লড়াই চালিয়ে যাওয়ার এই দৃষ্টান্ত ক্রিকেট বিশ্বে বিরল।