ইমরান খানের সুচিকিৎসা ও মানবাধিকারের দাবিতে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়ক

ইমরান খানের সুচিকিৎসা ও মানবাধিকারের দাবিতে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়ক

ফন্ট সাইজ:

পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দী অবস্থায় চিকিৎসা ও মৌলিক অধিকার বঞ্চিত হওয়ার ঘটনায় উদ্বেগ বেড়েই চলেছে। এবার খোদ ক্রিকেটের আঁতুড়ঘর অস্ট্রেলিয়ার সাতজন সাবেক অধিনায়ক দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং-এর কাছে একটি বিশেষ মানবিক আবেদনপত্র পাঠিয়েছেন। সম্পূর্ণ রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে কেবল মানবিক দৃষ্টিকোণ থেকে তারা এই জোরালো অবস্থান নিয়েছেন।
এই সাত কিংবদন্তি ক্রিকেটার হলেন অ্যালান বর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর এবং স্টিভ ওয়াহ। আদিয়া জেলে বন্দি ৭৩ বছর বয়সী ইমরানের স্বাস্থ্যঝুঁকি, সুচিকিৎসার অভাব এবং পরিবার ও আইনজীবীদের সাথে সাক্ষাতে কড়াকড়ির বিষয়টিতে গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছেন তারা।

অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়করা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, তারা ইমরান খানের বিরুদ্ধে চলা কোনো আইনি বা রাজনৈতিক মামলার বিচারে হস্তক্ষেপ করতে চান না। তবে একজন মানুষ ও সাবেক সহকর্মী হিসেবে তার প্রতি যে অমানবিক আচরণ করা হচ্ছে, তা বিশ্ব ক্রীড়াঙ্গনকে ব্যথিত করছে। চিঠিতে স্পষ্ট করে বলা হয়, ‘আমরা এখানে কোনো রাজনৈতিক অবস্থান নিতে আসিনি। এটি শুধুই মানবতা এবং একজন বন্দীর মৌলিক অধিকার রক্ষার লড়াই।’

চিঠিতে সুনির্দিষ্টভাবে তিনটি দাবি জানানো হয়। প্রথমটি সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী গঠিত মেডিক্যাল বোর্ড, যাতে ইমরানের ব্যক্তিগত চিকিৎসকেরাও অন্তর্ভুক্ত আছেন, তাকে যাতে পূর্ণাঙ্গ ও স্বাধীন স্বাস্থ্য পরীক্ষার সুযোগ দেয়া হয়। বিশেষ করে ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি হ্রাসের বিষয়টি যাতে গুরুত্বের সঙ্গে দেখা হয়। দ্বিতীয়টি আদালতের নির্দেশ অনুযায়ী কোনো ধরনের বাধা বা প্রশাসনিক দীর্ঘসূত্রতা ছাড়াই যাতে পুনর্বহাল হওয়া সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎকারের সুযোগ নিশ্চিত করা হয়। শেষটি স্বাস্থ্য পরীক্ষার ফল যা-ই হোক না, সে অনুযায়ী চিকিৎসকরা যাতে অবিলম্বে প্রস্তাবিত চিকিৎসা প্রদান করেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ইমরান খানের বোন ও সন্তানরা দীর্ঘদিন ধরে তার স্বাস্থ্যের অবনতি ও পর্যাপ্ত চিকিৎসার অভাব নিয়ে অভিযোগ করে আসছেন। এর আগে গত ফেব্রুয়ারি এবং আগস্ট মাসেও বিশ্বের নামী-দামি সাবেক অধিনায়করা পাকিস্তান সরকারের কাছে অনুরূপ চিঠি পাঠান। এমনকি বর্তমান অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ও ওয়েস্ট উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারাও ইতিপূর্বে ইমরান খানের সুচিকিৎসা ও মর্যাদাপূর্ণ আচরণের দাবি জানান।