ডেঙ্গুতে আরও আট প্রাণহানি

ডেঙ্গুতে আরও আট প্রাণহানি

ফন্ট সাইজ:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত মোট প্রাণহানি ১৫৭ জনে দাঁড়ালো। ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৭৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে ৩ জন করে মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে আরও ২ জনের প্রাণহানি হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (৩৮৮ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে ৩০২ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ১৯১, বরিশাল বিভাগে ১৯১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭০, রাজশাহী বিভাগে ১৪৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩, ময়মনসিংহ বিভাগে ১১০, রংপুর বিভাগে ৮৬ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে দেশে ডেঙ্গুতে ৩৬ জন মারা গেছেন।

এর পরের মাস আগস্টে ৪৩ জন এবং চলতি সেপ্টেম্বরের ১৪ দিনেই ডেঙ্গুতে ৬০ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে চলতি বছর ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৭৯ জন মারা গেছেন। এ ছাড়া, উল্লিখিত সময়ে খুলনা বিভাগে ২৭ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ১৬, চট্টগ্রাম বিভাগে ১৫, বরিশাল বিভাগে ১২, রাজশাহী বিভাগে ৬ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।