দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

ফন্ট সাইজ:

দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার দুপুর সাড়ে ১২টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দেয়ার কথা থাকলেও তিনি হাজির হননি। দুদকের কাছে ৩০ দিনের সময় চেয়ে আবেদন করেছেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, সোমবার শফিউদ্দিন আহমেদের দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেয়ার কথা ছিল। তিনি ৩০ দিনের সময় চেয়ে আবেদন করেছেন। এখন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন।

এর আগে দুদকের পরিচালক মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে সাবেক সেনাপ্রধানকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে নোটিশ জারি করা হয়। নোটিশে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিও সঙ্গে আনতে বলা হয়েছিল। নোটিশে বলা হয়, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগের বিষয়ে তার বক্তব্য শোনা ও তা রেকর্ড করা অপরিহার্য। সেই নোটিশের পরিপ্রেক্ষিতেই সোমবার তাকে হাজির হওয়ার কথা ছিল।
দুদক সূত্র জানায়, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের অনুসন্ধান শুরু হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর। দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের নেতৃত্বে একটি দল অভিযোগগুলো অনুসন্ধান করছে। দুদক কর্মকর্তারা বলছেন, অভিযোগগুলো এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট দল কমিশনের কাছে প্রতিবেদন দেবে।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হন। আওয়ামী লীগ সরকারের সময়ে প্রায় তিন বছর সেনাপ্রধানের দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান তিনি।