নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা প্রায় ৬৬৭ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে এ স্থগিতাদেশ চেয়ে আবেদনটি করা হয়। গ্রামীণ কল্যাণের আইনজীবী জানিয়েছেন, আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালতে কিছুক্ষণের মধ্যেই আবেদনটির ওপর শুনানি হতে পারে।
এর আগে গত বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রায়ে গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৩৭০ টাকা কর পরিশোধের নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৭ অক্টোবর কর সংক্রান্ত দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে গ্রামীণ কল্যাণের পক্ষে রায় দেন হাইকোর্ট। তবে ওই রায়ের বিরুদ্ধে এনবিআর আপিল বিভাগে ‘লিভ টু আপিল’ (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করলে হাইকোর্টের রায় বাতিল করে নতুন করে রুল নিষ্পত্তির নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। এরপর ২০২৪ সালের ৩ আগস্ট হাইকোর্টের আরেকটি দ্বৈত বেঞ্চ মামলাটির শুনানি শেষে মৌখিক রায় দিলেও পরবর্তী সময়ে তা প্রত্যাহার করে নেওয়া হয়। সর্বশেষ পুনঃশুনানি শেষে হাইকোর্ট এনবিআরের পক্ষে চূড়ান্ত রায় প্রদান করেন।
