ডোপ টেস্টে ‘পজিটিভ’: পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন বরখাস্ত

ডোপ টেস্টে ‘পজিটিভ’: পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন বরখাস্ত

ফন্ট সাইজ:

ডিএসসিএসসি কোর্স চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর ডোপ টেস্টে ‘পজিটিভ’ ফলাফল আসায় পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন ‘পজিটিভ’ পাওয়া গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ–সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, পরীক্ষার ফলাফলকে ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলা পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, আ ফ ম নিজাম উদ্দিন পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে কর্মরত। বর্তমানে তিনি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আছেন। মিরপুর সেনানিবাসে চলমান ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশগ্রহণের জন্য গত ৮ জানুয়ারি তিনি পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে প্রস্থান করেন।

কোর্স চলাকালে গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়। ওই পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় ‘Urine Benzodiazepines (BZO)’ এবং ‘Amphetamine/Methamphetamine’ ‘Positive’ পাওয়া যায়।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ শাস্তিযোগ্য অপরাধ। ওই বিধিমালার ১২(১) অনুযায়ী তাকে গত ৩১ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সাময়িক বরখাস্তের সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।