চট্টগ্রামে বিয়ের দাওয়াত থেকে ফেরার পথে ভাইবোনসহ ৪ জনের মৃত্যু

চট্টগ্রামে বিয়ের দাওয়াত থেকে ফেরার পথে ভাইবোনসহ ৪ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারের ঈদগাহে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই ভাইবোনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। শনিবার রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কক্সবাজারের ঈদগাহ এলাকার নিয়াজ মোর্শেদ (২২), তার ছোট বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসচালক মো. মুন্না। তারা সবাই ঈদগাহ এলাকার বাসিন্দা। নিহত ফেরদৌস আলমের আত্মীয় মো. ওমর ফারুক জানান, শনিবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে পরিবারের কয়েকজন সদস্য ও আত্মীয়স্বজন একটি মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহে ফিরছিলেন। পথে শিকলবাহা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

সফিউল আলম নামে আরেক আত্মীয় জানান, শনিবার কক্সবাজার থেকে সন্ধ্যায় একসঙ্গে আসছি । আমরা দুইটা গাড়িতে করে দাওয়াত শেষে ১২ টা ৪০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। পরে মইজ্জারটেক এলাকার গ্যাস পাম্প থেকে গ্যাস নিয়ে আবার রওনা হলাম। কিছু দূর যাওয়ার পর একজন ফোন দিয়ে বলে আমাদের আরেকটি গাড়ি এক্সিডেন্ট করেছে। এসে দেখি মামা-ভাগ্নে তিনজনে দুর্ঘটনাস্থলে মারা গেছে।

পরে গাড়িচালক ও মারা যায়। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, শাহ আমানত সেতু পার হয়ে আসা একটি কাভার্ডভ্যান শিকলবাহা এলাকায় দ্রুতগতিতে ইউটার্ন নেয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ মারা যান। গুরুতর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে নিয়াজ মোর্শেদ ও মাইক্রোবাসচালক মুন্নাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।