প্রধানমন্ত্রীর তিন মাসের কর্মসূচি, ডেঙ্গু ঠেকাতে নারায়ণগঞ্জে তিন ভাগে অভিযান

প্রধানমন্ত্রীর তিন মাসের কর্মসূচি, ডেঙ্গু ঠেকাতে নারায়ণগঞ্জে তিন ভাগে অভিযান

ফন্ট সাইজ:

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত তিন মাসের বিশেষ কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে গণসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে নগর ভবন থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী তিন মাসের জন্য যে কর্মসূচি দিয়েছেন, তার অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। এ জন্য সিটি করপোরেশন এলাকাকে সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ এই তিনটি এলাকায় ভাগ করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

বাড়ির আঙিনা, পরিত্যক্ত স্থান, নির্মাণাধীন ভবনসহ যে-সব জায়গায় এডিস মশার প্রজনন হতে পারে, সেসব স্থান চিহ্নিত করে প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে আগামী তিন মাস প্রতি শনিবার গণসচেতনতামূলক র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
প্রশাসক আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়, নগরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কারও মৃত্যুর ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, যারা আক্রান্ত হয়েছেন তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এটি আল্লাহর রহমত। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু ইউসুফ খান টিপুসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।