প্রস্তুতি ম্যাচে ফর্টিসের কাছে হার জাতীয় ফুটবল দলের

প্রস্তুতি ম্যাচে ফর্টিসের কাছে হার জাতীয় ফুটবল দলের

ফন্ট সাইজ:

আসন্ন ফিফা আসিয়ান কাপের প্রস্তুতিতে শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এক ক্লোজড-ডোর প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ফুটবল লীগের দল ফর্টিস এফসির কাছে ১-০ গোলে হেরে গেছে কোচ থমাস ডুলির দল। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে কিংস অ্যারেনায় নিবিড় অনুশীলন চালিয়ে যাচ্ছেন নতুন হেড কোচ থমাস ডুলি। দীর্ঘ বিরতির পর খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস ফেরানো এবং দলের বিভিন্ন পজিশনে কম্বিনেশন পরখ করার লক্ষ্যেই এই প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছিল।

তবে মাঠের লড়াইয়ে ডুলির শিষ্যরা নিজেদের চেনা ছন্দ মেলে ধরতে ব্যর্থ হয়। গতকালের এই প্রস্তুতি ম্যাচে ফর্টিসের নাইজেরিয়ান ফরোয়ার্ড স্টিফেন চুকুয়েদের একমাত্র গোলে হেরেছে ডুলির দল। এর আগে আরেকটি প্রস্তুতি ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে জিতেছিল জাতীয় দল। আগামী ২৪শে সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় শুরু হতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। যেখানে গ্রুপ পর্বে বাংলাদেশকে লড়তে হবে স্বাগতিক ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো র‍্যাঙ্কিংয়ের শক্ত অবস্থানে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে। টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে উড়াল দেয়ার কথা রয়েছে দলের। প্রবাসীদের ট্রায়াল ও নতুন-পুরোনো খেলোয়াড়দের সমন্বয়ে ২৩ সদস্যের চূড়ান্ত দল গঠনের আগে এই হারকে বড় এক সতর্কবার্তা হিসেবেই দেখছেন অনেকে।