ভিন্ন হাতছানি সাবালেঙ্কা রিবাকিনার

ইউএস ওপেন ফাইনাল আজ

ভিন্ন হাতছানি সাবালেঙ্কা রিবাকিনার

ফন্ট সাইজ:

ফ্ল্যাশিং মিডোতে যেন এক অপ্রতিরোধ্য মানবী আরিনা সাবালেঙ্কা। ইউএস ওপেনের সেমিফাইনালে টেনিস কোর্টে যেন ঝড়ের গতিতে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন এই বেলারুশিয়ান তারকা। টানা তৃতীয় শিরোপার মুকুট পরার আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে আছেন তিনি। অপর ফাইনালিস্ট এলেনা রিবাকিনার সামনে একই সঙ্গে সিংহাসন ও মুকুট অর্জনের হাতছানি।

বৃহস্পতিবার রাতের মহারণে যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৭-৫, ৬-২ গেমে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন শীর্ষ বাছাই সাবালেঙ্কা। এই জয়ে নিউ ইয়র্কের হার্ড কোর্টে তার জয়রথ টানা ১৯ ম্যাচে গিয়ে ঠেকলো। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও দ্বিতীয় সেটে পেগুলাকে দাঁড়াতেই দেননি বর্তমান চ্যাম্পিয়ন। ম্যাচ শেষে প্রতিপক্ষ পেগুলা অকপটে স্বীকার করেন সাবালেঙ্কার এই রূপকথা, ‘আজ কে যে ওকে রাগিয়ে দিয়েছিল আমি জানি না! ও এমন দুর্দান্ত খেলেছে যে আমার আসলে কিছুই করার ছিল না।’ আর নিজের দাপুটে পারফরম্যান্স নিয়ে সাবালেঙ্কা বলেন, ‘আজ কোর্টে আমি যা করতে চেয়েছি, সেটিই সঠিক বলে মনে হয়েছে। সামপ্রতিক সময়ে পেগুলার বিপক্ষে খেলা ম্যাচগুলোর তুলনায় আজকের আমার পারফরম্যান্স ছিল অনেক উঁচুতে।’

ম্যাচের শুরু থেকেই টেনিস কোর্টে দুই তারকার লড়াই দেখতে গ্যালারিতে উপচে পড়া ভিড় ছিল। প্রথম আটটি গেমে লড়াই ছিল সমানে সমান। তবে ৪-৪ সমতার পর আচমকাই খোলস ছেড়ে বেরিয়ে আসেন সাবালেঙ্কা। নিখুঁত ব্যাকহ্যান্ড উইনার আর দুর্দান্ত সব শটে পেগুলার সার্ভিস ভেঙে প্রথম সেট ৭-৫ ব্যবধানে নিজের করে নেন তিনি। দ্বিতীয় সেটে পেগুলার ঘুরে দাঁড়ানোর সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মাত্র ১ ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে ম্যাচটি নিজের মুঠোয় পুরে

নেন সাবালেঙ্কা। তবে এই ফাইনালের মঞ্চে সাবালেঙ্কার সামনে রয়েছে অন্য সমীকরণ। আজ ফাইনালে তার প্রতিপক্ষ কাজাখস্তানের এলেনা রিবাকিনা। আর এই ফাইনালের ফল যাই হোক না কেন, দীর্ঘ ৯৯ সপ্তাহ ধরে ধরে
রাখা বিশ্ব র‌্যাঙ্কিয়ের এক নম্বর আসনটি হাতছাড়া হতে চলেছে সাবালেঙ্কার।

নিউ ইয়র্কে আরেক সেমিফাইনালে তিন সেটের লড়াই শেষে স্বাগতিক তারকা কোকো গফকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন রিবাকিনা। আর্থার অ্যাশ স্টেডিয়ামে গফের বিপক্ষে রিবানিকার জয় ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে। ফাইনালে ওঠার আগেই রিবাকিনার জন্য এসেছে আরেকটি বড় অর্জন। ইউএস ওপেন শেষ হওয়ার পর তিনিই হতে যাচ্ছেন মেয়েদের টেনিসে বিশ্ব র?্যাঙ্কিংয়ের (ডব্লিউটিএ) এক নম্বর খেলোয়াড়। সোমবার র?্যাঙ্কিং হালনাগাদ হলে ফল যা-ই হোক, শীর্ষস্থান নিশ্চিত রিবাকিনার। সাবালেঙ্কাকে হারাতে পারলে সিংহাসনের সঙ্গে ইউএস ওপেনের মুকুটও নিশ্চিত হবে তার।

র‌্যাঙ্ক হারানোর প্রসঙ্গে সাবালেঙ্কা বলেন, ‘এ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। এই মুহূর্তে র‌্যাঙ্কিং নিয়ে ভাবার সময় আমার নেই, আমি শুধু নিজের খেলায় মনোযোগ দিতে চাই।’ সামনে এখন শুধু রিবাকিনার প্রাচীর টপকে ক্রিস এভার্ট ও সেরেনা উইলিয়ামসের পর মাত্র তৃতীয় নারী হিসেবে টানা তিনটি যুক্তরাষ্ট্র ওপেন জয়ের দুর্লভ ইতিহাস গড়ার হাতছানি। তবে চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কাকে হারানোর মধুর স্মৃতি আছে রিবাকিনার। গ্র্যান্ড স্লাম ফাইনালে সব মিলিয়ে তৃতীয়বারের মতো মুখোমুখি হবেন দু’জন। ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে রিবাকিনাকে হারানোর স্মৃতি আছে সাবালেঙ্কারও।

গফের বিপক্ষে শুরুটা ভালো ছিল না রিবাকিনার। চতুর্থ বাছাই আমেরিকান তারকা শুরুতে ছিলেন দুর্দান্ত। ষষ্ঠ গেমে ব্রেক নিয়ে প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতে নেন গফ। তবে দ্বিতীয় সেটে ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজের হাতে তুলে নেন রিবাকিনা। গফের ভুলের সুযোগ নিয়ে সেটটি ৬-৪ ব্যবধানে জিতে ম্যাচে সমতা ফেরান তিনি। এরপর তৃতীয় সেটে নিজের শক্তিশালী সার্ভ ও আক্রমণাত্মক টেনিসে গফকে চাপে রাখেন রিবাকিনা। শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেন।