৭ টাকা দিয়ে কবরী’র মতো শাড়ি কিনেছিলেন নূতন

৭ টাকা দিয়ে কবরী’র মতো শাড়ি কিনেছিলেন নূতন

ফন্ট সাইজ:

ছোটবেলা থেকেই গান, নাচ, অভিনয়ের প্রেমে পড়েছিলেন চলচ্চিত্র অভিনেত্রী নূতন। ‘রূপবান’ সিনেমার জন্য সুজাতা কিংবা ‘সাত ভাই চম্পা’ সিনেমা দেখে কবরীর অভিনয় ও সৌন্দর্যে মোহাবিষ্ট হয়েছিলেন তিনি। তার ভালোবাসা এতটাই তীব্র ছিল, ‘সাত ভাই চম্পা’ গানে কবরীর পরা শাড়ির মতো একই শাড়ি কেনার জন্য অস্থির হয়ে পড়েছিলেন। পরবর্তীতে তৎকালীন ৭ টাকা দিয়ে সেই শাড়ি কিনেছিলেন তিনি। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অংশ নিয়ে চলচ্চিত্র অভিনেত্রী নূতন বলেছেন তার এ রকম না বলা অনেক কথা। আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই পডকাস্ট।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় নায়িকা নূতন এই পডকাস্টে জানিয়েছেন, একসময় ফোক ফ্যান্টাসি সিনেমার অপরিহার্য নায়িকা হিসেবে অসংখ্য সাপের সিনেমায় তিনি অভিনয় করেছেন। ‘রাজমহল’ ছিল এ ঘরানায় তার প্রথম সিনেমা। সে সিনেমায় জোড়া সাপকে হাতে নিয়ে শুটিং করতে গিয়ে মনের অজান্তে দু’টি সাপকে গলা টিপে মেরে ফেলেছিলেন তিনি। নূতন জানিয়েছেন, একসময় প্রয়াত এহতেশাম তাকে ‘পীচ ঢালা পথ’ সিনেমায় অভিনয়ের জন্য বলেছিলেন। সে সময় নূতন রাজি হননি। পরবর্তীতে ‘নতুন প্রভাত’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন নূতন। পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।