সৌদির তেল পাইপলাইনের কাছে আগুন, বাড়ছে আতঙ্ক

সৌদির তেল পাইপলাইনের কাছে আগুন, বাড়ছে আতঙ্ক

ফন্ট সাইজ:

সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনের কাছে ধোঁয়া দেখা গেছে। এ ঘটনায় জ্বালানি অবকাঠামোয় হুতিদের আরেকটি বড় ধরনের হামলার আশঙ্কা তৈরি হয়েছে।
স্যাটেলাইটে ধারণ করা ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের আশপাশে ধোঁয়া উড়ছে। রয়টার্সের যাচাই করা ছবিতে এ দৃশ্য দেখা গেছে।
একই সময়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ দখলে নেয়ার দাবি করেছে হুতিরা।

এর আগে সৌদি-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের দুটি সূত্র জানায়, সরকারি বাহিনী পেরিম দ্বীপ থেকে সরে গেছে। হুতিরা দ্বীপটির বিপরীতে মূল ভূখণ্ডের লোহিত সাগর উপকূলের শহর ধুবাবও দখল করেছে বলে তারা জানায়।
এই পরিস্থিতি জ্বালানি রপ্তানিতে আরও অস্থিরতা তৈরি করতে পারে। ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী মোখা দখলের পর শুক্রবার তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলারে পৌঁছেছে।
মোখা বাব আল-মান্দেব প্রণালি থেকে প্রায় ৫০ মাইল দূরে অবস্থিত। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী এই জলপথটি বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি ভূরাজনৈতিক সংকটপথ। সাধারণত বিশ্বের মোট পণ্য পরিবহনের প্রায় ১২ শতাংশ এই পথ দিয়ে যায়।

ইরান সংঘাতের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি তেল পরিবহনে লোহিত সাগরপথের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে।