রাজধানীতে দু’টি ভবনে আগুন

রাজধানীতে দু’টি ভবনে আগুন

ফন্ট সাইজ:

রাজধানীর ধানমণ্ডি ও মহাখালীতে দু’টি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ১০টার দিকে ধানমণ্ডি ২৭-এ এপেক্সের শোরুমে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। একই দিন সকাল ১১টা ১২ মিনিটের দিকে মহাখালীতে পৃষ্ঠা ৫ কলাম ১
অবস্থিত বৃটিশ আমেরিকান টোব্যাকোর পুরনো একটি ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম মানবজমিনকে এসব তথ্য জানান।

ধানমণ্ডিতে এপেক্সের শোরুমে আগুন
সকাল ১০টার দিকে রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বরে অবস্থিত এপেক্সের শোরুমে আগুন লাগে। এপেক্সের গোডাউনের বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেল থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মহাপরিচালক বলেন, সকাল ১০টার দিকে ধানমণ্ডি ২৭-এ এপেক্সের শোরুমে আগুনের সূত্রপাত হয়। আমাদের ছয়টি ইউনিট কাজ করে। দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যে ভবনটিতে আগুন লাগে, সেটি পাঁচতলা। ভবনের চারতলায় অবস্থিত এপেক্সের গোডাউনে মূলত আগুনটি লাগে। আগুনে কোনো হতাহত নেই।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, আমরা তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে এখানকার লোকজন আমাদের জানিয়েছে, বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেলে তারা প্রথমে ধোঁয়া দেখতে পায়। প্রথমে তারা নিজেদের কাছে থাকা অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে নেভানোর চেষ্টা করে। পরে ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। তদন্তে আমরা তাদের এ বক্তব্যের বিষয়গুলোও দেখবো। ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আমরা ভেতরে গিয়ে দেখেছি। আগুন চারতলাতেই সীমাবদ্ধ ছিল। যে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তা খুব বেশি নয়। ভবনটির ফায়ার লাইসেন্সের বিষয়ে তিনি বলেন, তারা কয়েক মাস আগে আবেদন করেছিল। কিন্তু ফায়ার সেফটির অনুমোদন না থাকায় তাদের লাইসেন্স দেয়া হয়নি।

মহাখালীতে পুরনো ভবনে আগুন
বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনে বৃটিশ আমেরিকান টোব্যাকোর পুরনো অফিসসংলগ্ন এলাকায় আগুন লাগে। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে তিনটি ইউনিট পাঠানো হয়। অগ্নিকাণ্ডের পর ভবনটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়ার কুণ্ডলী আশপাশের এলাকা ছাড়িয়ে দূর থেকেও দৃশ্যমান হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি। পরিত্যক্ত ভবনটির ভেতরে কেউ ছিলেন না। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম মানবজমিনকে বলেন, ধানমণ্ডি ২৭ নম্বরে এপেক্সের গোডাউনের বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেল থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে আমাদের ছয়টি ইউনিট কাজ করে। দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অপরদিকে, মহাখালীর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আমাদের ৩টি ইউনিট কাজ করে। আগুন ১২টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তিনি বলেন, ভবনটি পরিত্যক্ত ছিল। তাই হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবনটির ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল ছিল। এ কারণে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।