গ্রুপ পর্বের দারুণ পারফরম্যান্স আর অপ্রতিরোধ্য আত্মবিশ্বাস নিয়ে জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। তবে চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে শক্তিশালী জাপানের বিপক্ষে সেই ধারা ধরে রাখতে পারলো না লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ আটের লড়াইয়ে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো দল। সেইসঙ্গে, প্রথমবারের মতো জুনিয়র বিশ্বকাপ খেলার স্বপ্নও অপূর্ণ রয়ে গেল বাংলাদেশের মেয়েদের।
ম্যাচের শুরু থেকে দুই দলের শক্তির পার্থক্যের চিত্র ছিল স্পষ্ট। অভিজ্ঞতায় ও ধারে ঢের এগিয়ে থাকা জাপান প্রথম কোয়ার্টারে বাংলাদেশের রক্ষণ নিয়ে কিছুটা পরীক্ষা চালায়। তবে গোলপোস্ট অক্ষত রাখতে সক্ষম হয় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের ২৬ মিনিটে ডেডলক ভাঙেন হিরাই ইয়োশিনো। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে জাপানকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
পিছিয়ে পড়ার পর তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার দারুণ চেষ্টা চালায় আইরিন-শারিকারা। এ সময় বেশ কয়েকটি আক্রমণ শাণিয়ে জাপানি রক্ষণকে চাপে ফেললেও ফিনিশিংয়ের অভাবে জালের ঠিকানা খুঁজে পায়নি বাংলাদেশ। উল্টো চতুর্থ কোয়ার্টারের শুরুতে ম্যাচের ৪৭ মিনিটে ফিল্ড গোল করে জাপানের জয় নিশ্চিত করেন সুজুকি মোমোকা। এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি বাংলাদেশ।
এর আগে গ্রুপ পর্বে দারুণ ছন্দে ছিল আরিফ আলীর দল। চাইনিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় দলটি।
জাপানের কাছে এই হারে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার আশা শেষ। এখন পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচের জন্য লড়তে হবে বাংলাদেশকে। আগামী শনিবার মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দলের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
