বাংলাদেশের সংগীতাঙ্গনের নন্দিত সংগীতশিল্পী কনকচাঁপা। বিশেষ করে নব্বই দশকের সিনেমার গানে একচ্ছত্র আধিপত্য ছিল তার। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ গুণী সংগীতশিল্পী টানা বেশ কিছুদিন ইতালি, সুইডেন ও লন্ডনে স্টেজ শো শেষে গতকাল দেশে ফিরেছেন। আজ এ গায়িকার জন্মদিন। যদিওবা জন্মদিন নিয়ে এবার কনকচাঁপার বিশেষ কোনো পরিকল্পনা নেই। কিন্তু তার পরিবার ও ভক্তরা দিনটিকে প্রতি বছরই নানাভাবে বিশেষায়িত করে তোলার চেষ্টা করে। কনকচাঁপা জানান, আজ ৫৬ পেরিয়ে ৫৭-তে পা রাখতে যাচ্ছেন। নিজের বয়স নিয়ে লুকোচুরির কিছু নেই। যে কারণে নিজের বয়স জানাতেও তার দ্বিধা নেই।
জন্মদিন প্রসঙ্গে কনকচাঁপা বলেন, দেশের বাইরে থেকে আলহামদুলিল্লাহ্ বেশ ভালোভাবে শো শেষ করে দেশে ফিরেছি। আমার অনুভব এই যে, আমার প্রতি মানুষের ভালোবাসা দিন দিন আরও বাড়ছে, বাড়ছে শ্রদ্ধা— এটা আসলেই ভাষায় প্রকাশ করার নয়। সবার এই ভালোবাসার ঋণ শোধ করাও সম্ভব নয়। আমি বারবার শ্রোতাদের ভালোবাসার কাছে পরাজিত হচ্ছি। জন্মদিন নিয়ে বিশেষ পরিকল্পনা নেই। আমার মেয়েই জন্মদিন নিয়ে সব পরিকল্পনা করতো। কিন্তু সে তো এখন দেশের বাইরে থাকে। আর ছেলে একটু লাজুক প্রকৃতির।
তবে আমার বউমা রান্নাবান্না করে। আমার আসলে চুপিচুপিই জন্মদিন পার করে দিতে ইচ্ছা করে। কিন্তু সেটাও আর হয়ে ওঠে না। আমার কিছু ভক্ত আছে, তারা আমার অজান্তেই আমাকে সারপ্রাইজ দিতে ভীষণ ভালোবাসে। সত্যি কথা হলো, জন্মদিন শুধুই একটা সংখ্যা মাত্র। আমার জন্মদিনটা আমার কাছে সব সময়ই স্পেশাল এবং ১১ই সেপ্টেম্বর তারিখটাও আমি খুব ভালোবাসি। এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউই যেতে চায় না, আমিও চাই না। তারপরও আল্লাহ্র কাছে কৃতজ্ঞ যে, তিনি আমাকে পৃথিবীর বুকে রেখেছেন।
