জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নাটকে একটা সময় তুমুল ব্যস্ত সময় পার করেছেন। একক ও ধারাবাহিক নাটকে শুটিং করেই সময় পার হয়ে যেতো তার। তবে বিয়ের পর স্বামী, সংসার ও সন্তানদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লে অভিনয় থেকে অনেকটাই আড়ালে চলে যান অভিনেত্রী। মাঝে মধ্যে কেবল সামাজিক যোগাযোগমাধ্যমেই তার ঝলক পেতেন ভক্তরা। এবার এ অভিনেত্রীর ভক্তদের জন্য সুখবর হলো— নতুন কাজে ফিরছেন সুমাইয়া শিমু। তাও একটি ধারাবাহিক নাটকের মধ্যদিয়ে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ নাটকের মধ্যদিয়ে দীর্ঘ সময় পর অভিনয়ে ফিরছেন এ অভিনেত্রী।
এরইমধ্যে তিনি শুটিংয়ে অংশও নিয়েছেন। পারিবারিক গল্পে নির্মিত হচ্ছে এ নাটক। এতে সুমাইয়া শিমুকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। শিমু ছাড়াও এ ধারবাহিকে আরও অভিনয় করছেন— জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু. দীপা খন্দকার, ড. এজাজ, খায়রুল বাসার, তটিনী প্রমুখ। নিজের ফেরা প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, দীর্ঘ সময় পর অভিনয়ে ফিরেছি। আমার সিনিয়র ও জুনিয়র অভিনয়শিল্পীরা এখানে কাজ করছেন। তারা প্রায় সবাই নিয়মিত অভিনয় করেন। আমিই কেবল অনেকদিন পর কাজ করছি। তাই খানিকটা নার্ভাস। তবে দারুণ একটা টিম। আমি নতুন করে অনেক কিছু শিখছি। আশা করছি, খুব সুন্দর একটি নাটক দর্শকরা উপভোগ করতে পারবেন।
