যুক্তরাষ্ট্রের আসন্ন মিডটার্ম বা মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার তিনি বলেন, তেহরান মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের মুখে তারা আর বেশি দিন টিকতে পারবে না। এ খবর দিয়েছে রয়টার্স।
টেক্সাসের ডালাসে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দেয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, নির্বাচনের পরপরই এই যুদ্ধ শেষ হয়ে যাবে। কারণ তারা আর টিকে থাকতে পারছে না। তারা যেকোনো মূল্যে আমাদের নির্বাচনে প্রভাব ফেলতে মরিয়া। ইরানকে লক্ষ্য করে ট্রাম্প বলেন, তারা চায় আমাদের নির্বাচনের মাধ্যমে কিছু ‘সুন্দর ও দুর্বল লোকেরা’ ক্ষমতায় আসুক। যেন তারা তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে নিয়ে যেতে পারে। গত সাত মাস ধরে চলা এই যুদ্ধের আপাতত কোনো সমাধানের লক্ষণ দেখা যাচ্ছে না। বুধবার ইরান জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলের ট্যাংকার ডুবিয়ে দেয়ার পর তারা ১০টি জাহাজে হামলা চালিয়েছে। নতুন করে এই সংঘাতের জেরে তেলের দাম হু হু করে বাড়ছে এবং ব্রেন্ট ক্রুডের দাম জুলাইয়ের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
ইরান যুদ্ধ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ভোটারদের মধ্যে হতাশা বাড়ায় ট্রাম্পের জনপ্রিয়তার রেটিং সম্প্রতি রেকর্ড সর্বনিম্নে পৌঁছেছে। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনকে সাধারণত হোয়াইট হাউসের বর্তমান বাসিন্দার কর্মকাণ্ডের ওপর জনগণের রায় হিসেবে দেখা হয়।
ট্রাম্প আরও বলেন, যুদ্ধ শেষ হলে নির্বাচনের পরপরই তেলের দাম কমে আসবে। এ সময় তিনি কূটনৈতিক আলোচনার সম্ভাবনা একেবারে উড়িয়ে না দিলেও এটিকে অগ্রাধিকার দিচ্ছেন না বলে জানান। তিনি বলেন, হ্যাঁ, আলোচনা হতে পারে, তবে আমরা সেদিকে নজর দিচ্ছি না।
