ফিলিপাইনের একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৮০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বুধবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় দ্বীপ পালাওয়ানের উপকূলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় কোস্টগার্ড। এ খবর দিয়েছে রয়টার্স।
ফিলিপাইনের কোস্টগার্ড জানায়, পালাওয়ানের কোরোনের কাছে সমুদ্রে ‘এমভি জুন অ্যাস্টার’ নামের ওই ফেরি থেকে ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, ফেরির বেশ কয়েকটি অংশে আগুন জ্বলছে এবং উদ্ধারকর্মীরা নিহতদের মৃতদেহ বডি ব্যাগে ভরছেন।
কোস্টগার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবিয়াব ডিজেডএক্সএল রেডিওকে জানান, ফেরিটির তালিকায় ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রুর নাম ছিল। জীবিত উদ্ধার এবং নিহতের সংখ্যার ওপর ভিত্তি করে বলা যায়, এখনও ৮০ জনের বেশি মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। উদ্ধারকাজ অব্যাহত থাকায় এই সংখ্যা পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি।
মুখপাত্র আরও জানান, ফেরিটি ম্যানিলার বেসেকো থেকে ছেড়ে কোরোনের দিকে যাচ্ছিল। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
