রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের Pioneer Base-এর একটি অস্থায়ী ভবনে গত ৭ই সেপ্টেম্বর ভোর আনুমানিক ৩ টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের স্থানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনার বাইরে অবস্থিত। ফলে, এ ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনাসমূহের নির্মাণ কার্যক্রম ও কমিশনিং কার্যক্রম প্রভাবিত হওয়ার সুযোগ নাই এবং বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে।
বুধবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ঘটনার পর ফায়ার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করে এবং আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ ও নির্বাপণ করে। এ ঘটনায় কোনো ব্যক্তি হতাহত হননি। অগ্নিকাণ্ডে অস্থায়ী ভবনের দুটি কক্ষের অফিস আসবাবপত্র, ডকুমেন্টস, আইটি ও যোগাযোগ-সংক্রান্ত সরঞ্জামাদি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ডকুমেন্টের পর্যাপ্ত ব্যাকআপ কপি প্রকল্প কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত থাকায় তথ্য সংরক্ষণ ও কার্যক্রম পরিচালনায় কোনো বিঘ্ন সৃষ্টি হচ্ছে না।
প্রাথমিকভাবেSplit-type AC-এর indoor unit-এর ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে, বিষয়টি এখনো তদন্তাধীন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য প্রকল্পের Fire Safety Procedure অনুসরণ করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্ত শেষে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে এবং নির্ধারিত অগ্নিনিরাপত্তা পদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রশাসনিক মন্ত্রণালয় হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে ইতোমধ্যেই বিষয়টি অবহিত করা হয়েছে। জনসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করেছে সংস্থাগুলো। অগ্নিকাণ্ডটি বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনাসমূহের বাইরে একটি অস্থায়ী ভবনেই সীমাবদ্ধ ছিল এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।
