জুনিয়র নারী এশিয়া কাপ হকিতে টানা চার জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। গ্রুপ পর্বে দারুণ সাফল্যের পরও সামনে কঠিন পরীক্ষার কথা মাথায় রেখে নিজেদের ভুলগুলো শুধরে নেয়ার দিকে নজর কোচ জাহিদ হোসেন রাজুর। চীনের ইনার মঙ্গোলিয়ায় চ্যালেঞ্জার পুলে নিজেদের শেষ ম্যাচে গতকাল হংকংকে ৬-০ গোলে হারায় বাংলাদেশ। গ্রুপ পর্বের চার ম্যাচেই জয় পেয়েছে লাল-সবুজের মেয়েরা। আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ শতভাগ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে জাপানকে পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচটি যে সহজ হবে না ভালো করেই জানেন বাংলাদেশের কোচ। হংকংয়ের বিপক্ষে ম্যাচের পর এক ভিডিও বার্তায় জাহিদ হোসেন রাজু বলেন, ‘আজকে (গতকাল) শেষ খেলায় হংকংয়ের সঙ্গে ৬-০তে জিতেছে মেয়েরা। কোচ হিসেবে তাদের পারফরম্যান্সে খুশি।
তবে আমাদের পেনাল্টি কর্নারে আরেকটু নজর দিতে হবে কোয়ার্টার ফাইনালে। সেখানে কিন্তু আমরা এত দুর্বল টিম পাব না। ভালো টিম পাব। যে ভুলগুলো হয়েছে সেটা নিয়ে কাজ করব এবং কালকের ম্যাচটাকে ফোকাস করে দলটাকে কিভাবে ভালো করা যায় সে চেষ্টা করব।’ কোয়ার্টার ফাইনালে জিতলে শেষ চার নিশ্চিত করার পাশাপাশি বিশ্বকাপ কনফার্ম হবে বাংলাদেশের। টুর্নামেন্টের শুরু থেকে বাংলাদেশের লক্ষ্য বিশ্বকাপ খেলা বলে জানান কোচ। তিনি বলেন ‘আমরা পরপর চারটা ম্যাচ খেলেছি, আমাদের ফোকাস ছিল ভালো দলগুলোর সঙ্গে যেন ভালো খেলতে পারি এবং বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারি। এই লক্ষ্য নিয়ে আমরা এই টুর্নামেন্টে খেলোয়াড়দের সাজিয়েছি। সেভাবেই চলছে।’ হংকংয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আইরিন রিয়া ও মোসাম্মত লিমা। একটি করে গোল করেন শারিকা রিমন ও কনা আক্তার।
চার ম্যাচে ছয় গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন শারিকা। পাঁচ গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় আইরিন রিয়া। ম্যাচসেরা কনা আক্তারের কাছেও এই ম্যাচটি ছিল নিজেদের আরও প্রস্তুত করে নেয়ার সুযোগ। প্রথমবার ম্যাচসেরা হয়ে উচ্ছ্বসিত কনা বলেন, ‘অনেক ভালো লাগছে, প্রথমবার ম্যাচ সেরা হয়েছি। এই ম্যাচটা আমাদের সহজই ছিল। কিন্তু আমাদের কিছু মিস্টেকের জন্য একটু কঠিন হয়েছিল। সামনের কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি নিয়েও তিনি বলেন, ‘এই ম্যাচগুলো আমরা প্রস্তুতি হিসেবে খেলেছি। সামনে আমাদের জাপানের সঙ্গে খেলা। তাদের সঙ্গে যেন ভালো খেলতে পারি তার জন্য ম্যাচের ভুল ত্রটি সংশোধন করার চেষ্টা করেছি।’ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ জাপান ম্যাচটি হবে আজ।
