ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেপ্তার

ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগের মামলায় সাদিয়া ইসলাম নামে (২৩) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সাদিয়া ইসলাম সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শহরের কুড়পাড় এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করা সাদিয়া জেলা এনসিপি’র সাংগঠনিক সম্পাদক বলে জানান নেত্রকোনা মডেল থানার ওসি মো. আবুল খায়ের।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে সাদিয়া আক্তার কয়েকজনের কাছ থেকে তিন হাজার করে টাকা নিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে পৌর শহরের কুড়পাড় এলাকায় টাকা আনতে গেলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ওইদিন রাতে পৌরশহরের বলাইগুয়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার বাদী হয়ে প্রতারণার অভিযোগে সাদিয়া ইসলামের বিরুদ্ধে মামলা করেন।

জানতে চাইলে প্রিয়া আক্তার বলেন, ‘আমিসহ পাঁচজনের কাছ থেকে তিন হাজার টাকা করে নিয়েছেন। মঙ্গলবার সকালে আমাকে ফ্যামিলি কার্ড করে দেবেন বলে জানান সাদিয়া। ওইদিন বিকালে আরেক মহিলার কাছ থেকে তিন হাজার টাকা নিতে আসলে স্থানীয় লোকজন তারে আটক করে। তিনি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আমি এর বিচার পেতে মামলা করেছি।’

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সাদিয়া আক্তারকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। স্থানীয়রা জানিয়েছেন, সাদিয়া কুরপাড় এলাকার বাসিন্দা, প্রিয়া আক্তার, সুমি আক্তার, ইতি আক্তারসহ পাঁচজনের কাছ থেকে ফ্যামেলি কার্ড দেবেন বলে ৩০০০ টাকা করে নিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী প্রিয়া আক্তার বাদী হয়ে প্রতারণার অভিযোগে একটি মামলা করেছেন।’

তিনি আরও বলেন, ‘প্রতারণার মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদিয়া আক্তার কয়েকজনের কাছ থেকে টাকা নেয়ার কথা স্বীকার করেছেন।’