বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেয়ার বিষয়ে ওমান সরকারের সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এর মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী রয়েছেন। আজ বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয় ও ওমান সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আজকেও একটি প্রতিনিধি দল এসেছিল। ওমান আমাদের কাছ থেকে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী—মোট ১০ হাজার লোক নেয়ার কথা জানিয়েছে। এ বিষয়ে চুক্তিও সই হয়েছে।
তিনি বলেন, আগামী মাসে ওমান সরকারের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। ওই সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কর্মী নেয়ার বিষয়গুলো চূড়ান্ত করা হবে।
ওমানে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন কারণে আগের সরকারের সময় থেকেই ওমানের ভিসা বন্ধ রয়েছে। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা পুনরায় চালু করার চেষ্টা চলছে।
তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে দক্ষ অভিবাসনের ওপর জোর দিচ্ছি। বিষয়টি আমরা ওমান সরকারকে জানিয়েছি। আমরা চাই, আরও বেশি দক্ষ মানুষ বাংলাদেশ থেকে যেতে পারেন এবং বিভিন্ন খাতে কাজ করতে পারেন। এ বিষয়ে ওমানও আগ্রহী এবং দুই দেশ এ নিয়ে কাজ করছে।
আমিরাতে ভিসা জটিলতা নিরসনে চেষ্টা করছে সরকার:
সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের ভিসা বন্ধ থাকার বিষয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, বিষয়গুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত। সংযুক্ত আরব আমিরাতে বিপুলসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। জুলাই আন্দোলনের সময় সেখানে বাংলাদেশিরা আন্দোলনে অংশ নেয়ায় দুই শতাধিক বাংলাদেশিকে কারাগারে যেতে হয়েছিল।
তিনি বলেন, অনেক শক্ত কূটনৈতিক তৎপরতার পর আমরা ওই বাংলাদেশি ভাইদের ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। এরপর বিভিন্ন ধরনের নথিপত্রের সমস্যাও রয়েছে। এখনই এর কোনো সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি কি না, তা বলতে পারছি না। তবে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে কাজ করছি।
আরব আমিরাতে ভিসা ‘অটো ক্যানসেলেশন’-এর বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এটি শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, পাকিস্তান, নেপালসহ অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও এমনটি হচ্ছে। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দ্রুত এ সমস্যার সমাধানের চেষ্টা করছে সরকার।
