বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসার গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার দুপুর সোয়া একটার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর আল-মাহমুদ এভিনিউ রোডের বাড়িতে এই ঘটনা ঘটে। পরে বাড়ির নিরাপত্তা প্রহরী শফিকুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানায়, বজ্রপাতে হঠাৎ গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করলে স্বস্তি মেলে। 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাড়ির প্রধান ফটকের পাশে গ্যাস লাইনের একটি রাইজারে আগুনের সূত্রপাত হয়। দুপুর ১ টা ১৫ মিনিটে জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণ করেছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি বলে তিনি জানান।