মেঘালয়ে কয়লা আনতে গিয়ে গর্তে পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

মেঘালয়ে কয়লা আনতে গিয়ে গর্তে পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের মেঘালয় পাহাড়ে কয়লা আনতে গিয়ে ইউনুছ আলী নামে এক বাংলাদেশি কয়লা শ্রমিক গর্তে পড়ে নিহত হয়েছেন। ওই শ্রমিক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লালঘাট গ্রামের ছমির আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ইউনুস আলীসহ কয়েকজন কয়লা শ্রমিক লালঘাট সীমান্ত এলাকা দিয়ে চোরাইপথে অবৈধভাবে কয়লা আনতে ভারতের মেঘালয় পাহাড়ের বেপানাক নামক স্থানে যান। একপর্যায়ে গর্তে প্রবেশ করে কয়লা কুড়ানোর সময় হঠাৎ তিনি পাথরের চাপায় পড়েন। এসময় তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা ওপরে উঠতে পারলেও সে আর উঠতে পারেননি। পরে সঙ্গে থাকা শ্রমিকরা বাড়িতে খবর দিলে স্বজানরা গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুনেছি বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে ভারতের মেঘালয়ে কয়লা আনতে গিয়ে গর্তে পড়ে এক শ্রমিক মারা গেছেন এবং স্বজনরা তার লাশ উদ্ধার করে নিয়েও এসেছেন। তিনি বলেন, ‘এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’