ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র তৈরির সুযোগ থাকছে না। বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও আইনজীবী ইলিয়াছ আলী মন্ডল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।
রায়ের বিষয়টি নিশ্চিত করে ইসির পক্ষে শুনানি করা আইনজীবী কামাল হোসেন মিয়াজী বলেন, ‘আদালত রুলটি খারিজ করে দিয়েছেন। ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র হবে না।’
মামলার নথি থেকে জানা যায়, ইসলামী শরিয়াহ অনুযায়ী পর্দা করেন—এমন দাবি করে রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ২০২২ সালে হাইকোর্টে রিটটি দায়ের করেন। রিটে তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে অথরাইজড ব্যক্তি করা হয়।
এর আগে ওই বছরের ১০ ফেব্রুয়ারি জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য ছবি ছাড়া বিকল্প ব্যবস্থায় এনআইডি তৈরির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনে আবেদন করেন সুমাইয়া আহমাদ মুনা।
আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি একজন প্রাপ্তবয়স্ক, পর্দানশীন মুসলিম নারী এবং ইসলামী শরিয়তের বিধান নিয়মিত পালন করেন। এ কারণে তিনি কোনো ধরনের ছবি তোলেন না। ফলে তার জাতীয় পরিচয়পত্র নেই। এনআইডি না থাকায় বিভিন্ন সরকারি ও নাগরিক সুবিধা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। তাই ছবি ছাড়া বিকল্প পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি। তবে ওই আবেদন নিষ্পত্তি না হওয়ায় পরে হাইকোর্টে রিট করেন সুমাইয়া।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। রুলে ছবি ছাড়া বিকল্প পরিচয় তথা বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
রুলের সময় রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে আদালতকে জানিয়েছিল, ছবি ছাড়া এনআইডি দেয়ার আবেদন সংবিধান পরিপন্থী। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল, বিভিন্ন নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রেও ছবি প্রয়োজন হয়। এমনকি হজে যেতে গেলেও ছবি তুলতে হয় এবং ব্যাংক হিসাব খুলতেও ছবি লাগে। ছবি ছাড়া পরিচয় নিশ্চিত করা না গেলে অন্য কেউ অর্থ উত্তোলন করলে তার দায় কী হবে—এমন প্রশ্নও তোলা হয়।
এছাড়া রাষ্ট্রপক্ষ আরও জানিয়েছিল, শুধু বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় নিশ্চিত করতে গেলেও চোখের আইরিশ স্ক্যানের প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রেও পর্দা তুলে পরিচয় শনাক্ত করার প্রয়োজন হতে পারে। দীর্ঘ শুনানি শেষে বুধবার হাইকোর্ট রুলটি খারিজ করে দেন।
ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচারে এনআইডি তৈরির রুল খারিজ
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
৯ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬, ১২ঃ৫৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
