ইমরান খানের সঙ্গে ‘ন্যায্য আচরণের’ আহ্বান ওয়াসিম আকরামের

ইমরান খানের সঙ্গে ‘ন্যায্য আচরণের’ আহ্বান ওয়াসিম আকরামের

ফন্ট সাইজ:

সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট সহযোদ্ধা ইমরান খান ইস্যুতে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। কারাবন্দি পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সঙ্গে ‘ন্যায্য আচরণ’ করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়। এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন তিনি। সাবেক ইংল্যান্ড অধিনায়ক ইয়ান বোথামের সঙ্গে যৌথভাবে উপস্থাপিত ‘ওল্ড বয়েজ, নিউ বলস’ পডকাস্টে আকরাম বলেন, সম্প্রতি ইমরানের জন্য যে অধিনায়করা একটি আবেদনে স্বাক্ষর করেছেন, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

পাকিস্তানের হয়ে ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য আকরাম বলেন, আমি অধিনায়ককে নিয়ে অনুভব করি। একজন বন্ধু হিসেবে তাকে মিস করি, একজন পরামর্শদাতা হিসেবে তাকে মিস করি, একজন নেতা হিসেবে তাকে মিস করি। আমরা তিন বছর ধরে তার কোনো ছবিও দেখিনি। তিনি আরও বলেন, এই সরকারের কাছে আমরা যা চাই, তা হলো অন্য রাজনীতিকদের সঙ্গে অতীতে যেমন আচরণ করা হয়েছে, তার সঙ্গেও তেমন ন্যায্য আচরণ করা হোক। আকরাম বলেন, আশা করছি, ইনশাআল্লাহ, পুরো জাতি তার পাশে রয়েছে এবং তিনি শিগগিরই মুক্তি পাবেন।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের চিকিৎসার দাবিতে ২১ জন সাবেক আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে কয়েক সপ্তাহ আগে আবারও আবেদন জানিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ইমরানের চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান তারা। এর আগে, ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে ৭৩ বছর বয়সী ইমরান খানকে দুই দিনের মধ্যে চিকিৎসা পরীক্ষা ও চিকিৎসার জন্য শিফা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। বিভিন্ন মামলায় সাজা হওয়ার পর ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন।

তবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ইমরানকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেয়া হয়েছিল। সেখানে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালের চিকিৎসকরাও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ইমরানের বোন ও তার চিকিৎসকদের উপস্থিতিতে তার শারীরিক পরীক্ষা করা হয়। তারার জানান, চক্ষু বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকসহ যোগ্য চিকিৎসকদের একটি দল ইমরানের বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে তারা তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ বলে ঘোষণা করেন।