কিভাবে ভাগ হবে প্রায় ৭৫ হাজার কোটি টাকার সম্পদ!

বিলিয়নিয়ারের বিবাহবিচ্ছেদ

কিভাবে ভাগ হবে প্রায় ৭৫ হাজার কোটি টাকার সম্পদ!

ফন্ট সাইজ:

যোগ ব্যায়ামের সরঞ্জাম বিক্রেতা প্রতিষ্ঠান লুলুলেমনের প্রতিষ্ঠাতা চিপ উইলসন তার স্ত্রী শ্যানন উইলসনের সঙ্গে বিচ্ছেদে যাচ্ছেন। এ জন্য তাকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। কারণ, প্রতিবেদনে বলা হয়েছে, তাদের মধ্যে কোনো ‘প্রিনাপচুয়াল অ্যাগ্রিমেন্ট’ বা বিয়ের আগে সম্পত্তি ভাগাভাগি সংক্রান্ত চুক্তি নেই এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে আরও বলা হয়, ৭১ বছর বয়সী উইলসন ও ৫২ বছর বয়সী শ্যানন ২০০২ সালে বিয়ে করেন। বর্তমানে কানাডার বৃটিশ কলাম্বিয়া প্রদেশে তাদের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছে। এ দম্পতিকে নিয়ে একটি পারিবারিক আইনসংক্রান্ত মামলা এপ্রিল মাসে প্রদেশটির সুপ্রিম কোর্টে শুরু হয়েছে। তবে মামলার বিস্তারিত প্রকাশ্যে আসেনি।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, উইলসনের সম্পদের পরিমাণ প্রায় ৬১০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৫ হাজার কোটি টাকা। ভ্যাঙ্কুভারের পারিবারিক আইনজীবী ও সালিসকারী জর্জিয়ালি ল্যাং জানিয়েছেন, বৃটিশ কলাম্বিয়ার আইন অনুযায়ী সাধারণভাবে স্বামী-স্ত্রী পারিবারিক সম্পত্তির সমান অংশ পাওয়ার অধিকারী। তবে এর অর্থ এই নয় যে, শ্যানন স্বয়ংক্রিয়ভাবে উইলসনের পুরো সম্পদের অর্ধেক পেয়ে যাবেন। সম্পত্তি কখন অর্জিত হয়েছে এবং বিয়ের সময় সেগুলো কীভাবে রাখা বা মূল্যায়ন করা হয়েছে, তার ওপরও চূড়ান্ত বণ্টন নির্ভর করতে পারে।

ল্যাং বলেন, উইলসন যদি প্রমাণ করতে পারেন যে বিয়ের আগে বা তাদের একসঙ্গে বসবাস শুরুর আগে কোনো সম্পদ তার মালিকানায় ছিল, তাহলে সম্পর্ক শুরুর সময় ওই সম্পদের যে মূল্য ছিল, সেটি তিনি নিজের কাছে রাখতে পারবেন। তবে সম্পর্ক শুরুর পর থেকে ওই সম্পদের যে মূল্যবৃদ্ধি হয়েছে, বর্তমান মূল্যের ভিত্তিতে তার সমান অংশ উভয়ের মধ্যে ভাগ হতে পারে।

১৯৯৮ সালে লুলুলেমন প্রতিষ্ঠা করেন উইলসন। অর্থাৎ শ্যাননকে বিয়ে করার চার বছর আগেই তিনি কোম্পানিটি প্রতিষ্ঠা করেছেন। বর্তমানেও তিনি কোম্পানিটির অন্যতম বড় শেয়ারহোল্ডার। সাম্প্রতিক সিকিউরিটিজ ফাইলিং অনুযায়ী, উইলসন ও তার সঙ্গে সংশ্লিষ্ট পারিবারিক প্রতিষ্ঠানগুলো লুলুলেমনের প্রায় ৮ দশমিক ৭ শতাংশ শেয়ারের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। সম্প্রতি ওই শেয়ারের মূল্য প্রায় ১০০ কোটি ডলারের কাছাকাছি ছিল।

উইলসনের সবচেয়ে বড় ব্যক্তিগত বিনিয়োগ হিসেবে ধরা হয় ফিনল্যান্ডের স্পোর্টসওয়্যার কোম্পানি আমের স্পোর্টসে তার প্রায় ১৮ শতাংশ অংশীদারিত্বকে। এর মূল্য প্রায় ৩০০ কোটি ডলার। কোম্পানিটির মালিকানাধীন ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে আর্কটেরিক্স, সলোমন এবং টেনিস সরঞ্জাম প্রস্তুতকারী ব্র্যান্ড উইলসন। উইলসনের উল্লেখযোগ্য রিয়েল এস্টেট বা আবাসন সম্পদও রয়েছে। তার পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান ‘হাউস অব উইলসন’-এর মাধ্যমে তিনি ‘লো টাইড প্রপার্টিজ’-এ বিনিয়োগ করেছেন। প্রতিষ্ঠানটির পোর্টফোলিওতে ভ্যাঙ্কুভার ও সিয়াটল এলাকার বিভিন্ন সম্পত্তি রয়েছে।

ফোর্বসের ২০২৪ সালের হিসাব অনুযায়ী, সে সময় লো টাইডের সম্পদভাণ্ডারে উইলসনের অংশীদারিত্ব এবং ভ্যাঙ্কুভারে তার প্রাসাদের মূল্য মিলিয়ে প্রায় ৫০ কোটি ডলার ছিল। ভ্যাঙ্কুভারের সমুদ্রতীরবর্তী তার বাড়িটির ২০২৬ সালের মূল্যায়ন করা হয়েছে ৫ কোটি ৩০ লাখ ডলার। চলতি বছরের শুরুতে আপিলের পর বাড়িটির আগের মূল্যায়ন প্রায় ৬ কোটি ডলার থেকে কমিয়ে প্রায় ৪ কোটি ৭০ লাখ ডলার করা হয়।

শ্যাননেরও লুলুলেমনের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি কোম্পানিটির প্রতিষ্ঠাকালীন প্রধান ডিজাইনার ছিলেন এবং কোম্পানির শুরুর দিকের বেশ কিছু পণ্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পরে তিনি ও চিপ উইলসন যৌথভাবে ‘হাউস অব উইলসন’ প্রতিষ্ঠা করেন। ২০১২ সালে তারা ‘উইলসন ৫ ফাউন্ডেশন’ও প্রতিষ্ঠা করেন।

সাম্প্রতিক একটি সিকিউরিটিজ ফাইলিংয়ে উপকারভোগী মালিকানা বা বেনিফিশিয়াল ওনারশিপের নিয়ম অনুযায়ী লুলুলেমনের প্রায় ১ শতাংশ শেয়ারের সঙ্গে শ্যাননের নাম যুক্ত করা হয়েছে। তবে এর একটি অংশ সরাসরি তার মালিকানাধীন, আর বাকি অংশ পারিবারিক ফাউন্ডেশনের মালিকানায় রয়েছে। এই দম্পতির পাঁচ ছেলে নিয়ে একটি মিশ্র পরিবার রয়েছে। তাদের মধ্যে তিনজন তাদের দু’জনের সন্তান।

বিচ্ছেদের আর্থিক পরিণতি এখনো স্পষ্ট নয়। আদালতের কার্যক্রম জনসাধারণের জন্য উন্মুক্ত না থাকায় কোন সম্পদকে পারিবারিক সম্পত্তি হিসেবে শ্রেণিবদ্ধ করার দাবি করা হচ্ছে এবং শেষ পর্যন্ত সেসব সম্পদের মূল্য কীভাবে নির্ধারণ করা হবে, তা জানা যায়নি। এ ছাড়া বৃটিশ কলাম্বিয়ার আদালত মনে করলে যে সমান ভাগাভাগি হলে তা গুরুতরভাবে অন্যায্য হবে, সে ক্ষেত্রে সম্পত্তি অসমভাবে ভাগ করার নির্দেশও দিতে পারেন।
ফলে চিপ উইলসনের ৬১০ কোটি ডলারের সম্পদের কতটা শেষ পর্যন্ত বিচ্ছেদের নিষ্পত্তিতে যাবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।