হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ডুবোযান বা সাবমার্সিবল আটক করেছে ইরানের সশস্ত্র বাহিনী। একটি জটিল গোয়েন্দা ও মাঠ পর্যায়ের অভিযান পরিচালনার সময় এটিকে আটক করে ইরানে নিয়ে আসা হয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-এর বরাতে এ খবর জানিয়েছে পাকিস্তান ট্রিবিউন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ আটককৃত এই যানটিকে ‘ডাইভ-এলডি’ হিসেবে চিহ্নিত করেছে। এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের তৈরি একটি স্বয়ংক্রিয় মনুষ্যবিহীন ডুবোযান, যা ২০২৫ সালে মার্কিন নৌবাহিনীর ‘আনম্যানড আন্ডারসি ভেহিকল গ্রুপ-১’-এর কাছে হস্তান্তর করা হয়েছিল। প্রেস টিভির মতে, এটি বিশ্বের অন্যতম অত্যাধুনিক প্রযুক্তির তৈরি একটি যান। আইআরজিসি জানিয়েছে, তারা এই যানটি আটকের প্রামাণিক ছবি ও ফুটেজ খুব শিগগিরই প্রকাশ করবে।
এছাড়া, আলাদা এক ঘটনায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি নতুন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরান ‘ভয়াবহ শাস্তির’ সম্মুখীন হয়েছে এবং এই অবরোধ অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। একই দিন অস্ত্র, সেনা ও অবৈধ পণ্য পরিবহনে সহায়তার অভিযোগে ইরানের এভিয়েশন বা বিমান চলাচল খাতের সঙ্গে যুক্ত ৩৬টি টার্গেটের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। এর মধ্যে ২৭টি এয়ারলাইনস এবং বিমান ও প্রযুক্তি ক্রয়ে সহায়তাকারী প্রতিষ্ঠান রয়েছে।
চলমান এই উত্তেজনার মধ্যেই জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আরাগচি বলেন, গত জুনে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা’ অনুযায়ী যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতিতে ফিরে এলেই আঞ্চলিক উত্তেজনা কমে আসবে। এর জবাবে জাপানের পররাষ্ট্রমন্ত্রী উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান যুদ্ধের বিরোধী হলেও আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে নিজেদের রক্ষা করতে দ্বিধা করবে না। পাশাপাশি, পারস্য উপসাগরে একটি ‘সামুদ্রিক এক্সক্লুশন জোন’ বা নিষিদ্ধ এলাকা ঘোষণার মাধ্যমে মার্কিন অর্থনৈতিক যুদ্ধের কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসিন রেজাই।
