আরেকবার ব্যাটিং ব্যর্থতার মুখোমুখি বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার সুযোগ কাজে লাগাতে পারেনি আমিরাত।উল্টো বাংলাদেশের বোলারদের বিধ্বংসী বোলিংয়ে কুপোকাত তারা। তাতেই ২০১৮ সালের নারী এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ৩৪ রানে আরব আমিরাতেকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।
বি গ্রুপের রানার্সআপ বাংলাদেশ আগামী বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে।
গ্রুপের শেষ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ মাত্র ১০৩ রানে থামে। ৮ রানে ২ উইকেট হারানোর পর জুরাইরা ও নিগার সুলতানার ২৯ রানের জুটি। তারপর ব্যাটিং ধস। ৫৫ রানে নেই ৬ উইকেট। শারমিন ও নাহিদার ৪২ রানের জুটি না হলে বাংলাদেশ বড় বিপদে পড়ত।
শারমিন ৩১ বলে ইনিংস সেরা ৩৮ রান করেন। ১৬ রান আসে নাহিদার ব্যাটে। নিগার ২৩ রান করেন।
ছোট লক্ষ্য ডিফেন্ড করতে নেমে আগের ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন মারুফা আক্তার। ইনিংসের চতুর্থ ওভারেই তার শিকার হয়ে ফেরেন আরব আমিরাত অধিনায়ক ইশা ওঝা। পঞ্চম ওভারে আক্রমণে এসে ফেরত পাঠান সামাইরা ধারনিধারকাকে। ২ উইকেট হারিয়ে পাওয়ার প্লের ৬ ওভারে আরব আমিরাত তুলতে পারে মাত্র ১৫ রান।
পাওয়ার প্লের পরও নিয়মিত বিরতিতে উইকেট তুলেছে বাংলাদেশ। দলীয় ২২ রানে রিনিথা রাজিথের উইকেট তুলে নেন রাবেয়া খাতুন। এরপর তীর্থ সাথিস ও হিনা মিলে সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ২৪ বলে ১১ রান করা তীর্থকে ফিরিয়ে ১৪ রানের জুটি ভেঙে দেন সুলতানা খাতুন। ২ রানের ব্যবধানে লাবন্য কেনিকে ফেরান নাহিদা আক্তার। দলীয় ৫৬ রানে হেনা ফেরার পর ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় আরব আমিরাত। ১৯ বলে ২ চারে ১৮ রান করেন হেনা।
অল্প রান রক্ষায় প্রথম ১০ ওভারের মধ্যেই এদিন মারুফার কোটা পূর্ণ করেন জ্যোতি। যেখানে ৯ রান খরচায় ২ উইকেট নেন মারুফা। এছাড়া ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন রাবেয়া আর নাহিদার শিকার ২ উইকেট।
