গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। সেই খেলা শেষে দেশের মাটিতে শুরু হবে উইন্ডিজদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ১৮ই অক্টোবর ঢাকায় পা রাখবে ক্যারিবিয়ানরা। ঢাকায় পৌঁছে ২২-২৪শে অক্টোবর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন ম্যাচ খেলবে তারা। অনুশীলন পর্ব শেষে ২৮শে অক্টোবর মিরপুর স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।
মিরপুরের খেলা শেষ করে দুই দল যাবে সিলেটে। সেখানে পাঁচ নভেম্বর সিলেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশ ও উইন্ডিজের এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজ শেষ হতেই ছুটবে দক্ষিণ আফ্রিকায় তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে চার নম্বরে রয়েছে বাংলাদেশ দল। তালিকায় উইন্ডিজদের অবস্থান আট নম্বরে। ফাইনালের দৌড়ে টিকে থাকতে সিরিজটা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ৬ ম্যাচে ৩ জয়, ২ হার ও এক ড্রয়ে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট বাংলাদেশের।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দুই টেস্ট ছাড়াও আরও চারটি টেস্ট খেলবে বাংলাদেশ। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে দুটি আর আগামী বছরের ফেব্রুয়ারিতে নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চার টেস্টের সবক’টিতে জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দৌড়ে ভালোভাবেই থাকবে বাংলাদেশ।
