টানা তিন জয় মেয়েদের ঘুরে দাঁড়ালো ছেলেরা

নারী জুনিয়র এশিয়া কাপ হকি

টানা তিন জয় মেয়েদের ঘুরে দাঁড়ালো ছেলেরা

ফন্ট সাইজ:

নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে অপ্রতিরোধ্য বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। চায়নিজ তাইপেকে ৭-০ ও পাকিস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয়ার পর এবার কাজাখস্তানকে ৪-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করলো লাল-সবুজের প্রতিনিধিরা। এই দুর্দান্ত জয়ের মাধ্যমে চ্যালেঞ্জার পুলে টানা তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান আরও শক্ত করলো মেয়েরা। অন্যদিকে, টানা দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে ছেলেরা। কাজাখস্তানের বিপক্ষে ৪-২ গোলে জয় তুলে নিয়েছে অনূর্ধ্ব-২০ ছেলেরা।
চীনের হুলুনবুইর সিটির মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই কাজাখস্তানকে চেপে ধরে লাল-সবুজের মেয়েরা। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই দারুণ এক পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক রিমন সারিকা। কাজাখস্তানের ওপর চাপ অব্যাহত রেখে প্রথম কোয়ার্টারের শেষ দিকে, ১৪ মিনিটে লিজা আক্তারের চমৎকার ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ।

পর পর দুই গোল হজম করার পর দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা চালায় কাজাখস্তান। কিছু আক্রমণ তৈরি করলেও বাংলাদেশের জমাট রক্ষণে এসে বারবারই আটকে যায় তাদের আক্রমণভাগ। অন্যদিকে, প্রতিপক্ষের সীমানায় বাংলাদেশ কিছু আক্রমণ চালালেও গোল করতে না পারায় মধ্যবর্তী দুই কোয়ার্টার গোলশূন্য কেটে যায়। চতুর্থ ও শেষ কোয়ার্টারে পুনরায় ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। একের পর এক জোরালো আক্রমণে কাজাখস্তানের রক্ষণে ফাটল ধরায় তারা। ম্যাচের ৪৬ মিনিটে মোসাম্মত লিমা এক একক প্রচেষ্টায় ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ তে নিয়ে যান। ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি আদায় করে নেন সারিকা। শেষ পর্যন্ত ৪-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ১০ দলের এই আসরে চ্যালেঞ্জার পুলে কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকংয়ের সঙ্গে খেলছে বাংলাদেশ। অন্য পুলে আছে স্বাগতিক চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।

এবারই দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। ২০২৩ সালের গত আসরে তারা নবম স্থানে শেষ করে। চ্যালেঞ্জার পুলে নিজেদের শেষ ম্যাচে বুধবার হংকং চায়নার মুখোমুখি হবে তারা। একইদিনে পুল পর্বের চতুর্থ ও শেষ ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের ছেলেরা। এর আগে চীনের তিনজিয়ানে কাজাখস্তানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক কৌশল বেছে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের তৃতীয় মিনিটে শিমুল ইসলামের হিটে প্রথম গোল করে এগিয়ে যায় দল। যদিও দ্রুতই সমতা ফেরায় কাজাখস্তান। তবে দ্বিতীয় কোয়ার্টারের ২৫ মিনিটে মাহাদী হাসান এবং তৃতীয় কোয়ার্টারের শুরুতে তৈয়ব আলীর লক্ষ্যভেদে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। কাজাখরা একটি গোল শোধ করে খেলায় ফেরার চেষ্টা করলেও, চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে নিখুঁত ড্র্যাগ ফ্লিকে ব্যবধান ৪-২ করে জয় নিশ্চিত করেন মুন্না ইসলাম।