বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করলো আফগানিস্তান

ফন্ট সাইজ:

অক্টোবরে বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান। ত্রিদেশীয় সিরিজটি হবে ওয়ানডে সংস্করণে। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এই সিরিজের পর একটি টেস্টও খেলবে বাংলাদেশ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। পুরো সিরিজটিই হবে সংযুক্ত আরব আমিরাতে। ৯ই অক্টোবর মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। সাদা পোশাকের ম্যাচ শেষে দুই দল প্রস্তুত হবে ওয়ানডে সিরিজের জন্য। তাদের সঙ্গে যোগ দেবে জিম্বাবুয়ে। ১৭ই অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আয়োজক আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে ২১শে অক্টোবর। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আফগানিস্তান-জিম্বাবুয়ে মুখোমুখি হবে ১৯শে অক্টোবর।

শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ২৩শে অক্টোবর। যদি ফাইনালে উঠতে পারে, তাহলে মরুর বুকে এক টেস্টসহ চার ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এসিবি অবশ্য ভেন্যুর নাম ঘোষণা করেনি। তবে জানা গেছে টেস্ট হতে পারে দুবাইয়ে। আর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটি হওয়ার কথা শারজায়। বাংলাদেশের পর এরপর জিম্বাবুয়ের সঙ্গে দু’টি করে টি-টোয়েন্টি ও টেস্ট খেলবে আফগানিস্তান। ২৭ ও ২৯শে অক্টোবর হবে আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজের দুই টি-টোয়েন্টি। ৫ই নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১৩ই নভেম্বর। ভেন্যুর নাম এখনো ঘোষণা করেনি এসিবি। বাংলাদেশ-আফগানিস্তান এখন পর্যন্ত টেস্টে দুইবার মুখোমুখি হয়েছে।

দুই দলই একবার করে জিতেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ তারা মুখোমুখি হয়েছে গত বছর আমিরাতে। সেবার টি-টোয়েন্টি সিরিজে আফগানদের ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল ঠিকই। তবে ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ হয়েছিল ধবলধোলাই। ওয়ানডে সিরিজটিও ছিল তিন ম্যাচের।

বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি
তারিখ ম্যাচ
১৭ই অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে
১৯শে অক্টোবর জিম্বাবুয়ে-আফগানিস্তান
২১শে অক্টোবর বাংলাদেশ-আফগানিস্তান
২৩শে অক্টোবর ফাইনাল