ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা এবং তাকে লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিলড্রেনস গার্ডিয়ানশিপ এক্সপানশন প্রপোজিশন (সিজিইপি)। মঙ্গলবার সিজিইপি-এর আহ্বায়ক দিলরুবা শরমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদে সংহতি জানিয়েছেন গবেষক তৃষিয়া নাশতারান, নাগরিক কোয়ালিশনের সৈয়দ হাসিব উদ্দিন হোসেন এবং গবেষক ও অ্যাক্টিভিস্ট রেহনুমা আহমেদ।
এতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল সমর্থকের হামলা এবং তাকে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়। একই সঙ্গে এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাঁধনের ওপর এই হামলাকে আমরা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থনকারীদের ওপর দেশের বাইরে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির ধারাবাহিক হামলার অংশ হিসেবে দেখছি। এর আগেও বিভিন্ন দেশে জুলাই অভ্যুত্থানের নেতা, যোদ্ধা ও সহযোগীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ধরনের পরিকল্পিত হামলার মাধ্যমে পরাজিত রাজনৈতিক শক্তি একদিকে তাদের হীন ও সহিংস চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, অন্যদিকে জুলাই অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরির চেষ্টা করছে।
বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়ে আরও বলা হয়, ইতালিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অবিলম্বে সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঘটনাটি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হোক এবং বাঁধনকে প্রয়োজনীয় কনস্যুলার ও আইনি সহায়তা প্রদান করা হোক। একই সঙ্গে তার দায়ের করা অভিযোগের যথাযথ তদন্ত এবং হামলাকারীদের বিরুদ্ধে ইতালির প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও অনুসরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
