বোয়িংয়ের উড়োজাহাজ কেনা নিয়ে যে ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা

বোয়িংয়ের উড়োজাহাজ কেনা নিয়ে যে ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘যেহেতু দীর্ঘদিন থেকে আমরা বোয়িং অপারেট করি, বোয়িংয়ের যে পুরো সাপোর্টিং স্টাফ, সেটা আমাদের অনেকটা প্রস্তুত আছে, প্রশিক্ষিত আছে; সেই কারণেই আমাদের বোয়িংয়ের প্রতি কিছুটা বেশি চুজ করার প্রবণতা আছে।’

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নে তিনি এ কথা বলেন। বোয়িং থেকে এতগুলো উড়োজাহাজ কিনলে দেশের অর্থনীতিতে সেটির চাপ পড়ার শঙ্কা আছে কি না—তথ্য উপদেষ্টার কাছে এমন প্রশ্ন রাখেন এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, ‘সরকার খুবই খারাপ অর্থনীতি হাতে পেয়েছে, এটা ভুল না। এটা হলো এক। দুই হচ্ছে, যে বোয়িং কেনার কথা হচ্ছে, এই বোয়িংগুলোর পেমেন্ট এখন থেকে ধাপে ধাপে অনেক দিন পর্যন্ত হতে থাকবে এবং এই বোয়িংগুলো হাতে পাওয়া আমাদের জন্য লম্বা সময়ের ব্যাপার।’

তিনি বলেন, ‘আমরা কেউ মনে করছি যে, আমাকে এক্ষুণি বা খুব অল্প সময়ের মধ্যে অনেক টাকা দিয়ে দিতে হবে, ব্যাপারটা মোটেই তা না।’ ‘একটা রাষ্ট্র তার প্রয়োজন অনুযায়ী চলবে। রাষ্ট্র তার ক্রাইসিস থাকলেও তার কিছু কিছু প্রয়োজন সে মেটাবে। সুতরাং নতুন যে বোয়িংয়ের অর্ডার রয়েছে, এটার কোনো ইমিডিয়েট এফেক্ট নাই’ উল্লেখ করেন ডা. জাহেদ উর রহমান।