সৌদির তেল স্থাপনা-বিমান ঘাঁটিতে অতর্কিত হামলা

সৌদির তেল স্থাপনা-বিমান ঘাঁটিতে অতর্কিত হামলা

ফন্ট সাইজ:

ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা সৌদি আরবের তেল স্থাপনা ও বিমান ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই তথ্য নিশ্চিত করেছেন।

ইয়াহিয়া সারি বলেছেন, সৌদির রাষ্ট্রীয় তেল স্থাপনা আরামকোতে এবং দেশটির আবহা, নাজরান এবং জিজানে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে গোষ্ঠীটির মুখপাত্র আরও বলেছেন, সৌদির খামিস মুশাইতে বিমান ঘাঁটিও লক্ষ্যবস্তু করা হয়েছে। সারি বলেন, কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এসব হামলা চালানো হয়েছে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের হামলার কারণে সৌদির বেশ কয়েকটি তেল স্থাপনায় আগুন ধরেছে।

সৌদির জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কিছু জ্বালানি স্থাপনায় কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগুন নেভাতে দমকল কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

তবে এসব হামলায় নির্দিষ্ট কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।