ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন আহত হয়েছেন। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ খবর দিয়েছে রয়টার্স।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জানান, হুথিরা সৌদির আভা, খামিস মুশাইত, জাজান ও নাজরান শহরে এই হামলা চালায়। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জোট জানায়, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে চালানো এসব হামলার কঠোর জবাব দেয়া হবে।
অন্যদিকে, হুথিদের সংবাদমাধ্যম আনসারুল্লাহ টেলিগ্রামে দেয়া এক পোস্টে দাবি করে, তারা সৌদি আরবের গভীরে সফলভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা আরও জানায়, আভা আন্তর্জাতিক বিমানবন্দর, কিং খালিদ বিমানঘাঁটি এবং আভা ও জাজানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
