১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদের খালাস চেয়ে করা আপিল ৪৯১৫ দিন পর গ্রহণযোগ্য হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য চার সপ্তাহ সময় মুলতবি করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার সকালে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চে এ বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য চার সপ্তাহ সময় নির্ধারণ করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর আবুল কালাম আজাদের করা আপিলটি গ্রহণযোগ্য হবে কি না, মূলত সেই প্রশ্নেই আপিল বিভাগে শুনানি হয়। শুনানি শেষে আদালত অবকাশকালীন ছুটি শেষে এ বিষয়ে আদেশ দেয়ার জন্য দিন ধার্য করেন।
এদিকে বিচারাধীন বিষয় নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করতে চিফ প্রসিকিউটরকে সতর্ক করেছেন আপিল বিভাগ। বিচারাধীন বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
