সেমির টিকিট পেতে দুবাইয়ে আজ জয় চাই টাইগ্রেসদের

সেমির টিকিট পেতে দুবাইয়ে আজ জয় চাই টাইগ্রেসদের

ফন্ট সাইজ:

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে টিকে থাকার লড়াইয়ে আজ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। রোববারের রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কার কাছে অল্প ব্যবধানে হার দেখে টাইগ্রেসরা। ফাইনালের মঞ্চের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই নিগার সুলতানা জ্যোতির দলের।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭৯ রানের বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। তবে গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়েও শেষ রক্ষা হয়নি। ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে লঙ্কানদের বিপক্ষে এই নিয়ে টানা সাত ম্যাচ হার দেখে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কান মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে ৪১ বলে ৪টি চারের মারে সর্বোচ্চ ৩৪ রান করেন সোবহানা মোস্তারি। সমান ১৪ করে রান করেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও ফাহিমা খাতুন।

অল্প রান তাড়ায় শুরুর ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ৪৪ রানের মধ্যেই তাদের অর্ধেক উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দেয় বাংলাদেশ। প্রতিপক্ষের ইনিংসে ধস নামিয়ে ৩ উইকেট নেন মারুফা আক্তার। তবে ষষ্ঠ ও অপরাজিত সপ্তম উইকেটের জুটিতে স্বস্তি ফিরে পায় শ্রীলঙ্কা। ৪১ বলে ৩৮ রানের জুটি গড়েন হারশিতা সামারাবিক্রমা ও নিলাকাশিকা সিলভা। ব্যক্তিগত ১৮ রানে সিলভাকে ফেরান মারুফা। এরপর কৌশিনি নুথিয়ানাঙ্গাকে নিয়ে ১৮ বলে ৩৩ রানের অপরাজিত জুটিতে জয় নিয়েই ফেরেন সামাবিক্রমা। ৩৭ বলে অপরাজিত ৪৮ রান করে ম্যাচসেরা হন এ বাঁহাতি ব্যাটার। এই হারের আজকের ম্যাচ বাচা-মরার হয়ে গেছে বাংলাদেশের জন্য।
বর্তমানে গ্রুপ ‘বি’-তে ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা শ্রীলঙ্কা ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ২ ম্যাচে ১টি করে জয় ও হারে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বাংলাদেশ। সমান পয়েন্ট থাকলেও জ্যোতিদের (১.৬৭৭) চেয়ে রান রেটে পিছিয়ে তিনে আরব আমিরাত (-০.৮৫৪)। আজকের হাইভোল্টেজ ম্যাচে আমিরাতকে হারাতে পারলেই সেমিফাইনালের টিকিট কাটবে লাল-সবুজের মেয়েরা। শেষ চার নিশ্চিত করতে পারলে গ্রুপ রানার্সআপ হিসেবে বাংলাদেশের খেলতে হবে শক্তিশালী ভারতের বিপক্ষে। ৩ ম্যাচে শতভাগ জয় তুলে নিয়ে আগেই গ্রুপ-‘এ’র চ্যাম্পিয়ন হিসেবে সেমি নিশ্চিত করেছে হারমনপ্রিত কৌরের দল।

দলের ব্যাটিং ইনিংসে টপ অর্ডার ও মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব কিছুটা চিন্তায় রাখতে পারে বাংলাদেশকে। তবে বোলিং আক্রমণে মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খানরা ফর্মে থাকায় আত্মবিশ্বাসে কমতি থাকার কথা না তাদের। অধিনায়ক জ্যোতি নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলের ইনিংস বড় করতে চাইবেন। অন্যদিকে ঘরের মাঠে খেলা আরব আমিরাতও ছেড়ে কথা বলবে না। তারাও গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।