গুলশান সেন্টার পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি নয়: হাইকোর্টের রুল

গুলশান সেন্টার পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি নয়: হাইকোর্টের রুল

ফন্ট সাইজ:

রাজধানীর গুলশান সেন্টার পার্কের ব্যবস্থাপনার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গুলশান ইয়ুথ ক্লাবের মধ্যে সম্পাদিত চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

একই সঙ্গে ওই চুক্তির আওতায় পার্ক ও মাঠ ব্যবহারের জন্য অর্থ আদায় এবং সেখানে নির্মিত বেআইনি স্থাপনার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। এছাড়া মাস্টারপ্ল্যান লঙ্ঘন করে নির্মিত বেআইনি স্থাপনা চিহ্নিত করতে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
রিট আবেদনে বলা হয়, রাজউক ও গুলশান ইয়ুথ ক্লাবের মধ্যে সম্পাদিত সমঝোতা চুক্তির মাধ্যমে গুলশান সেন্টার পার্ক ও মাঠ ব্যবহারের জন্য নাগরিকদের কাছ থেকে অর্থ আদায়ের সুযোগ দেওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রম মাঠ, পার্ক ও জলাধার সংরক্ষণ-সংক্রান্ত আইনের পরিপন্থী।

আবেদনে আরও বলা হয়, গুলশান ইয়ুথ ক্লাব মাঠ, পার্ক ও জলাধার সংরক্ষণ-সংক্রান্ত আইন এবং আপিল বিভাগের নির্দেশনা লঙ্ঘন করে পার্ক এলাকায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে।
রিটে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক, বাংলাদেশ পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে বিবাদী করা হয়েছে।

পরিবেশবিদ ড. আদিল মুহাম্মদ খান, ফিরোজ আহমেদ, আমিরুল রাজিব ও সৈয়দা শাহীন মাহবুবের পক্ষে রিটটি করেন অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম। শুনানিতে তাঁর সঙ্গে ব্যারিস্টার নিশাত মাহমুদ ও মুহাম্মদ আওলাদ হোসেন অংশ নেন।
আদালত সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।