ফাইনালে নাকভির উপস্থিতি ঘিরে ফের ট্রফি বিতর্কের শঙ্কা

নারী এশিয়া কাপ

ফাইনালে নাকভির উপস্থিতি ঘিরে ফের ট্রফি বিতর্কের শঙ্কা

ফন্ট সাইজ:

দুবাইয়ে নারী এশিয়া কাপের ফাইনালকে কেন্দ্র করে ফের শুরু হয়েছে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নাকভির ট্রফি বিতর্ক। এসিসি সভাপতি এবং পিসিবি প্রধান হিসেবে নাকভির উপস্থিত থাকার কথা রয়েছে আগামী ১৩ই সেপ্টেম্বরের ফাইনাল ম্যাচে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেয়ার কথা তারই।

তবে প্রশ্ন উঠেছে, ভারত ফাইনালে পৌঁছালে এবং তারা শিরোপা জিতলে গত বছরের পুরুষ এশিয়া কাপের মতো কোনো জটিলতা তৈরি হয় কি না। গত বছর ভারতের পুরুষ দল চ্যাম্পিয়ন হলেও পিসিবি ও এসিসি প্রধান নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ না করায় ট্রফিটি দুবাইয়ের এসিসি হেডকোয়ার্টারেই থেকে যায়। ট্রফি প্রদান নিয়ে জটিলতার কারণে ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতেও এক ঘণ্টার বেশি সময় লেগে যায়। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই মঞ্চে শিরোপা উদযাপন করে ভারত।

গ্রুপ পর্বে ইতিমধ্যেই পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে হরমনপ্রীত কৌরের দল। অন্যদিকে, গ্রুপে একটি ম্যাচ বাকি থাকায় পাকিস্তানের সামনেও ফাইনালে ওঠার ক্ষীণ সম্ভাবনা রয়েছে। ফলে ভারত ফাইনালে উঠলে এবং শিরোপা জিতলে আবারও সেই পুরোনো দৃশ্য ফিরে আসার আশঙ্কা রয়েছে।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, মাঠের বাইরের রাজনৈতিক ও প্রশাসনিক দ্বন্দ্ব নারী ক্রিকেটের মতো গুরুত্বপূর্ণ মঞ্চের আনন্দ ম্লান করে দিতে পারে। এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টের ভাবমূর্তি রক্ষায় এ ধরনের বিতর্ক এড়ানো এখন আয়োজকদের জন্য বড় চ্যালেঞ্জ।