মেস্তায়ায় আক্রমণাত্মক ফুটবলের জোয়ার বইয়ে দিয়ে ভালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। লা লিগায় এটি তাদের টানা চতুর্থ জয়। এর সুবাদে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করল হান্সি ফ্লিকের দল। তবুও যেন খুশি হতে পারছেন না বার্সা কোচ।
ম্যাচটিতে জোড়া গোল করেন তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। এছাড়া একবার করে জাল খুঁজে নেন অধিনায়ক রাফিনহা, সহ-অধিনায়ক পেদ্রি ও মিডফিল্ডার ফের্মিন লোপেস।দল এমন বিশাল ব্যবধানে জেতার পরও পুরোপুরি সন্তুষ্ট নন কোচ হান্সি ফ্লিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান দলের আরও উন্নতির জায়গা রয়েছে। এ জার্মান কোচ বলেন, ‘আজ আমরা দারুণ খেলেছি, প্রায় নিখুঁতই বলা যায়। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল। তবে কিছুই নিখুঁত নয়। সব সময়ই উন্নতির জায়গা থাকে। আমরা আরও ভালো করতে পারি।’
