মেক্সিকোতে উৎসবে আতশবাজি বিস্ফোরণে নিহত ১০

মেক্সিকোতে উৎসবে আতশবাজি বিস্ফোরণে নিহত ১০

ফন্ট সাইজ:

মেক্সিকোতে একটি ধর্মীয় উৎসব চলাকালে আতশবাজি বিস্ফোরণে দেয়াল ধসে পরে। এতে অন্তত ১০ জন নিহত এবং আরও ৬৪ জন আহত হয়েছেন। শনিবার রাতে মেক্সিকো স্টেটের মধ্যাঞ্চলীয় তেমাস্কালসিংগো শহরের নুয়েস্ত্রা সেনোরা দে লা লুজ গির্জার পাশে এই দুর্ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে এপি (অ্যাসোসিয়েটেড প্রেস)।

মেক্সিকো সিটি থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত শহরটিতে অন্তত ৬৬ হাজার মানুষের বসবাস। ঘটনার সময় শত শত মানুষ উৎসবের আতশবাজি প্রদর্শনী দেখার প্রস্তুতি নিচ্ছিলেন। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি এবং মেক্সিকো স্টেটের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

স্থানীয় এক বিশপ জানিয়েছেন, আহতদের মধ্যে দুজন যাজকও রয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর ধোঁয়া ও ধ্বংসস্তূপের মাঝে লোকজন জীবিতদের খুঁজছেন। মেক্সিকোতে ধর্মীয় ও পথ-উৎসবে প্রায়ই আতশবাজি পোড়ানো হয়, ফলে সেখানে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।