মিরপুরের শাহ আলী এলাকায় ভোরে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ফন্ট সাইজ:

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামে এক যুবকের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

সোমবার ভোরের দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতলে নিয়ে আসা হয়। এরপর সকাল সোয়া ৬টার দিকে মেহেদী হাসান মারা যান।

নিহত মেহেদী হাসানের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ। তিনি মিরপুর শাহ আলী এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি মিরপুরের শাহ আলী এলাকায় দুর্বৃত্তের চুরিকাঘাতে গুরুতর আহত হন মেহেদি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।’