মক্কা চুক্তি নিয়ে সৌদি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসহাক দারের আলোচনা

মক্কা চুক্তি নিয়ে সৌদি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসহাক দারের আলোচনা

ফন্ট সাইজ:

মক্কা প্রতিরক্ষা জোটের পরবর্তী কার্যক্রম নিয়ে সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনে কথা বলেছেন দার। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ৭ই আগস্ট স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির আওতায় মুসলিম দেশগুলোকে একত্র করেছে এই জোট। ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে বোমা হামলা চালানোর পাশাপাশি দেশটির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার পর এ যুদ্ধ শুরু হয়। চুক্তির আওতায় গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠক ৩১ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক অংশ নেয়।

প্রিন্স ফয়সালের সঙ্গে ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও তারা আলোচনা করেন। এ ছাড়া ইস্তাম্বুলে অনুষ্ঠিত মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠকে যেসব বিষয়ে সমঝোতা হয়েছিল, সেগুলোর বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা করেন তারা। দুই মন্ত্রী ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হন। হাকান ফিদানের সঙ্গে ফোনালাপে ইস্তাম্বুলে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠক আয়োজনের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান দার। বৈঠকে যেসব বিষয়ে সমঝোতা হয়েছিল, দুই মন্ত্রী তা বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

পাশাপাশি মক্কা প্রতিরক্ষা জোটের আওতায় সহযোগিতা আরও এগিয়ে নেয়ার উপায় নিয়েও মতবিনিময় করেন তারা। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়েও তারা মতবিনিময় করেন। বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। ইসহাক দার ও ফিদানও ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।