সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশের দূতাবাস। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো ই-পাসপোর্টের বায়োমেট্রিক করা হবে না। রোববার (৬ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দূতাবাসে অধিকসংখ্যক সেবাপ্রত্যাশীর আগমন এবং দূতাবাস চত্বর ও আশপাশে ভিড় ও শোরগোল বেড়ে যাওয়ায় সৌদি কর্তৃপক্ষ ভিড় নিয়ন্ত্রণের জন্য অনুরোধ করেছে। এর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দূতাবাস জানায়, আগামী ৯ সেপ্টেম্বর থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো ই-পাসপোর্টের বায়োমেট্রিক প্রদান করা হবে না। ই-পাসপোর্টের বায়োমেট্রিক প্রদানের জন্য সেবাপ্রত্যাশীদের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
নিম্নোক্ত লিংক থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার অনুরোধ জানিয়েছে দূতাবাস: passportriyadh.com/appointment
তবে যেসব প্রবাসী ইতিমধ্যে ই-পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তারা নির্ধারিত তারিখ অনুযায়ী দূতাবাসে গিয়ে সেবা নিতে পারবেন।
